ঢাকা: শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। একই সঙ্গে আগামীতে জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় গেলে ড. ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচার করারও ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি আয়োজিত “নোবেল বিজয়ী ড. ইউনুস ও গ্রামীণ ব্যাংক ধ্বংসের সরকারি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও” শীর্ষক মানববন্ধন কর্মসূচিতে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জেনারেল মাহবুব বলেন, “ড. ইউনূস পৃথিবীর কাছে যে উচ্চতা অর্জন করেছেন তা অন্য কোন নোবেল বিজয়ী করতে পারেননি। ক্ষুদ্র ঋণের মাধ্যমে তিনি কোটি কোটি মানুষের দারিদ্র বিমোচনের জন্য সারা পৃথিবীতে একটি নতুন মডেল সৃষ্টি করেছেন।”
তিনি বলেন, “পৃথিবীর অনেক দেশে ড. ইউনূসকে নিয়ে গবেষণা হচ্ছে। তার ক্ষুদ্র ঋণের মডেল পৃথিবীর অনেক দেশে প্রচলন করা হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ড. ইউনূস আজ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়েছেন।”
তিনি আরও বলেন, “যখন জাতীয়তাবাদী শক্তির সরকার ক্ষমতায় আসবে তখন ড. ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও তাদের ইন্ধনদাতাদের বিচার করা হবে।”
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন।
আরও বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, মেজর (অব.) মো. হানিফ, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহানা চৌধূরী, জিয়া সেনা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির বেপারী, দেশনেত্রী ফোরামের সভাপতি শহীদ চৌধুরী, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় নেতা এ.টি.এম কাওসার, ঢাকা মহানগর সভাপতি ওমর ফারুক ফরাজী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১২
বিজ্ঞপ্তি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর