 |
ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত সচিব ড. শওকত হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকা ঘুষের অভিযোগ এনে একটি হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতে এ মামলাটি দায়ের করেন নাজিম হাবিবুজ্জামান।
জানা গেছে, নাজিম হাবিবুজ্জামান হলেন প্রয়াত যুদ্ধাপরাধী গোপালগঞ্জের ওয়াহেদুজ্জামান চান মিয়ার ছেলে।
আইনজীবীরা জানান, চান মিয়া ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ও আন্তর্জাতিক অপরাধমূলক কর্মকাণ্ডে অবস্থান নেন এবং যুদ্ধের পর পাকিস্তানে পালিয়ে যান। একারণে যুদ্ধের পর জামায়াতের গোলাম আজমসহ শীর্ষ যুদ্ধাপরাধীদের সঙ্গে তিনিও নাগরিকত্ব হারান। একইসঙ্গে তার সম্পত্তিও বাজেয়াপ্ত হয়।
এরপর এই যুদ্ধাপরাধী চান মিয়া ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের শাসন আমলে নাগরিকত্ব ফিরে পান। তবে সম্পত্তি ফিরে পাননি। ১৯৯০ সালে সম্পত্তি ফিরে পেতে তিনি হাইকোর্টে মামলা করেন।
হাইকোর্টের রায় তার বিপক্ষে যায়। এরপর এ রায়ের বিরুদ্ধে আপিল করেন চান মিয়া। আপিল বিভাগের রায় চান মিয়ার পক্ষে হয়। এ সূত্রে সরকারের গৃহায়ন মন্ত্রণালয় এ রায়ের বিষয়ে রিভিউ পিটিশন করার উদ্যোগ নিয়েছে।
বিষয়টি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এ অবস্থায় মন্ত্রণালয়ের সচিব ড. শওকত হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকা ঘুষের অভিযোগ এনে মামলা করেন চান মিয়ার ছেলে নাজিম হাবিবুজ্জামান।
এ ব্যাপারে ড. শওকত হোসেন বাংলানিউজকে বলেন- অভিযোগটি সম্পূর্ণ, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ৩১ মে, ২০১২
সম্পাদনা : আহমেদ রাজু, স্পেশাল করেসপন্ডেন্ট; আহ্সান কবীর, আউটপুট এডিটর