 |
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে ক্যান্সার চিকিৎসাধীন বরেণ্য লেখক হুমায়ূন আহমেদ অল্প কিছুদিনের জন্য সম্প্রতি দেশে ফেরেন। দেশে অবস্থানকালীন সময়ে তিনি এনটিভির জন্য একটি একান্ত সাক্ষাৎকার দেন। হুমায়ূন আহমেদের পারিবারিক সূত্রে জানা গেছে, ১২ জুন মঙ্গলবার নিউইয়র্কে লেখকের শেষ অস্ত্রোপচারটি সম্পন্ন হবে। এ উপলক্ষে এইদিন এনটিভি বিশেষ সাক্ষাৎকার ‘একান্তে হুমায়ূন আহমেদ’ প্রচারের সিদ্ধান্ত নিয়েছে।
এনটিভিতে ১২ জুন মঙ্গলবার রাত সাড়ে ১১টার প্রচার হবে সাক্ষাৎকারভিত্তিক বিশেষ অনুষ্ঠান ‘একান্তে হুমায়ূন আহমেদ’। গৌতম মন্ডলের প্রযোজনায় বিশেষ এই সাক্ষাৎকারটি গ্রহন করেছেন সিনিয়র রিপোর্টার চয়ন রহমান। সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদ আমেরিকায় অবস্থানকালে তার মানসিক অবস্থা এবং অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন। আরো বলেছেন তাঁর সৃষ্টিশীল বিভিন্ন কাজ-কর্ম নিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে। হুমায়ূন আহমেদের ধানমন্ডির বাসা ‘দখিন হাওয়া’-তে বসে তিনি এই সাক্ষাৎকারটি দিয়েছেন।
২২ মিনিট ব্যাপ্তির এই অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ দেশের শিল্প-সাহিত্য, সাংস্কৃতিক কর্মকান্ড, নাটক, সিনেমা, রাজনীতি ও নিজস্ব আবেগ-অনুভূতির কথা বলেছেন।
বাংলাদেশ সময় ১৩৫০, জুন ১২, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক