রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয় গত মঙ্গলবার। ঢাকা থেকে নমুনা পরীক্ষা করে শুক্রবার ডাক্তার নিশ্চিত করেছেন, তার মৃত্যু হয় নিপাহ ভাইরাসের কারণে।
সাগর পাশ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে। গত রোববার রাত সোয়া ১২টার দিকে তাকে রামেক হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
তার রক্তের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল আগেই। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসকরা নিপা ভাইরাসে আক্রন্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ড সূত্রে জানা গেছে, তীব্র মাথা ব্যথা ও জ্বর নিয়ে রোববার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিল সাগর। এর আগে সে বাড়িতে খেজুরের রস খেয়ে করে অসুস্থ হয়ে পড়ে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের সহযোগী অধ্যাপক ডা. আজগর আলী বাংলানিউজকে বলেন, ‘‘আমরা ধারণা করেছিলাম, নওগাঁর ওই শিশুটি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তাই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রক্ত ও অন্যান্য নমুনা পাঠিয়েছিলাম ঢাকার আইসিডিডিআরবিতে। সেখান থেকে নিপাহ ভাইরাস পজেটিভের বিষয়টি শুক্রবার নিশ্চিত করা হয়েছে।’’
এক প্রশ্নের জবাবে ডা. আজগর আলী বলেন, “রামেক হাসপাতালে বর্তমানে নিপাহ ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা দিতে আলাদা কেবিনে বিশেষ ব্যবস্থা করা হয়নি। তবে কাউকে সন্দেহ হলে আলাদা বেডে রাখা হচ্ছে। আলাদা কেবিনের ব্যবস্থা করা হলেও তার কাজ শেষ হয়নি।”
প্রসঙ্গত, এর আগে গত বছরের ২১ জানুয়ারি রামেক হাসপাতালে মারা যায় জয়পুরহাটের দুই শিশু। পরে শনাক্ত করা হয়, তারা নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিল। এরা হলো- জয়পুরহাট জেলার সরদারপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে মরিয়ম (৭) ও চক ডাকরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তৌহিদ (৭)।
নমুনা পরীক্ষার পর তাদের বিষয়টিও একইভাবে নিশ্চিত হন চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১৩
এসএস/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com