 |
এই সময়ের কর্মমুখর নাট্যসংগঠন ‘স্বপ্নদল’-এর একযুগে পদার্পণ উপলক্ষে আগামী ১ আগস্ট, থেকে ৬ আগস্ট ছয় দিনের ‘যুগসন্ধির অরুণ আলোয় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন-বাদল সরকার নাট্যোৎসব’-এর আয়োজন করা হয়েছে। শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার ও স্টুডিও থিয়েটার হলে এ উৎসব অনুষ্ঠিত হবে।
আগামী ৬ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের ৭১তম প্রয়াণবার্ষিকী, ১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনেরর ৬৩তম জন্মজয়ন্তী এবং গত ১৫ জুলাই ছিল বাদল সরকার-এর ৮৭ তম জন্মবার্ষিকী।
২০০১-এর ১০ আগস্ট স্বপ্নদল-এর জন্মলগ্ন থেকে অদ্যাবধি দলের কার্যাবলীর গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিলেন রবীদ্রনাথ, সেলিম আল দীন ও বাদল সরকার এবং সম্ভবত বর্তমান সময়ে বাংলাদেশে একমাত্র স্বপ্নদল এ তিন মহান নাট্যকারের সৃষ্টিকর্ম নিয়ে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
এ ছাড়া ৬ আগস্ট পৃথিবীর ইতিহাসের সর্বাপেক্ষা কলঙ্কজনক অধ্যায় হিরোশিমার বিয়োগান্তক ঘটনার ৬৭তম বর্ষপূর্তি এবং বিশ্বের নাট্যদলগুলোর মধ্যে কেবল স্বপ্নদল-ই গত দশ বছর ধরে নিয়মিতভাবে ‘হিরেশিমা দিবস’ পালন করে আসছে। তাই একযুগে পদার্পণের এ বিশেষ ক্ষণে পাশাপাশি সময়ের উল্লেখিত বিষয়সমূহকে নাট্যকর্মের মাধ্যমে স্মরণ ও দর্শকের সম্মুখে উপস্থাপনের উদ্দেশ্যেই স্বপ্নদল ‘যুগসন্ধির অরুণ আলোয় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন-বাদল সরকার নাট্যোৎসব’-এর উদ্যোগ নিয়েছে।
‘যুগসন্ধির অরুণ আলোয় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন-বাদল সরকার নাট্যোৎসব’-এ স্বপ্নদল-এর চারটি পূর্ণাঙ্গ প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’, সেলিম আল দীনের ‘হরগজ’ ও সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অবলম্বনে ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ এবং হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনানির্ভর বাদল সরকারের ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার মঞ্চায়ন থাকবে। এ ছাড়াও ঢাকা থিয়েটারের প্রযোজনায় সেলিম আল দীনের ‘নিমজ্জন’ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনায় ‘পুত্র’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উৎসবের পরিকলল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেÑ রবীন্দ্রনাথ-সেলিম আল দীন-বাদল সরকার-হিরোশিমা-নাগাসাকি সম্পর্কিত পোস্টার, আলোকচিত্র, ভিডিও প্রদর্শনী, সঙ্গীত-কোরিওগ্রাফি প্রদর্শনী, রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ এবং সেলিম আল দীনের ‘স্বর্ণবোয়াল’, ‘হাড়হাড্ডি’ ও ‘নিমজ্জন’-এর অংশবিশেষ উপস্থাপন, রবীন্দ্রনাথ-সেলিম আল দীন-বাদল সরকার বিষয়ক সেমিনার অনুষ্ঠান প্রভৃতি । প্রসঙ্গত, উৎসবের শেষ দিন ৬ আগষ্ট ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনা মঞায়ন ও নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে ‘হিরোশিমা দিবস’ উদ্যাপন করা হবে।
‘যুগসন্ধির অরুণ আলোয় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন-বাদল সরকার নাট্যোৎসব’-এর জন্য ইতোমধ্যে জাহিদ রিপনকে আহ্বায়ক এবং ফজলে রাব্বী সুকর্ন-কে সদস্য-সচিব করে উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময় ১৯১০, জুলাই ২৩, ২০১২
সম্পাদনা : অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর