প্রতিভাবান সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। যিনি নিজে সুর করেন ও গানে কণ্ঠ দেন। ‘প্রেমের জন্য পৃথিবী’ ছবিতে তার ও ন্যান্সির যৌথ কন্ঠে গাওয়া ‘পাগল তোর জন্যে রে পাগল এ মন’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরপর বেলাল খান অনেকের গানেই সুর করেন। এবার ঈদকে সামনে রেখে প্রকাশিত হয়েছে সুরকার ও শিল্পী বেলাল খানের প্রথম একক অ্যালবাম ‘আলাপন’।
বেলাল খানের এ অ্যালবামে একটি গানের ডাবল ভার্সনসহ মোট ১১টি গান রয়েছে। একটি করে গানে বেলালের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পড়শী ও নবাগত গায়িকা মোহনা। সব গানের সুর করেছেন বেলাল খান নিজেই। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। গানের কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী, জুলফিকার রাসেল, জাহিদ আকবর, নীহার আহমেদ, রবিউল ইসলাম (জীবন), সোমেশ্বর অলি, ইকবাল খন্দকার ও জীবন মাহমুদ।
প্রথম অ্যালবাম প্রসঙ্গে বেলাল খান বাংলানিউজকে বলেন, ‘গত এক বছর ধরে অত্যন্ত যতœ সহকারে গানগুলো তৈরি করেছি। আশাকরি গানগুলো সবার কাছে ভালো লাগবে। এ অ্যালবামে মেলোডি ধাঁচের গানই বেশি করেছি। কারণ মেলোডিটা আমার গলার সঙ্গে ভালো যায়। সব ধরনের শ্রোতার কথা মাথায় রেখে দীর্ঘ এক বছর সময় নিয়ে অ্যালবামের কাজ শেষ করেছি। আশাকরি শ্র্রোতারা অ্যালবামের সবগুলো গানই পছন্দ করবে।’
বাংলাদেশ সময় ১৯২৫, আগস্ট ১২, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।