 |
ঢাকা: বলিভিয়ায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চলমান পুলিশের ধর্মঘটের প্রেক্ষিতে রোববার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহলসেনা মোতায়েন করেছে সরকার। নিম্ন বেতনের প্রতিবাদে গত বৃহস্পতিবার পুলিশের ধর্মঘট সহিংসতায় রূপ নিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বৃহস্পতিবার কর্মকর্তারা লা পাস শহরে একটি পুলিশ ব্যারাকের নিয়ন্ত্রণ দখল করলে প্রতিবাদ বিক্ষোভ সহিংসতার দিকে মোড় নেয়।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সরকার ও ধর্মঘটী পুলিশ সদস্যদের মধ্যকার আলোচনা শনিবারও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।
অপরদিকে যোগাযোগমন্ত্রী আমান্দা দাভিলা বলছেন, পুলিশ কর্মকর্তারা একটি অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন।
তিনি বলেন, কর্মকর্তারা অস্ত্র সংগ্রহ করছে এবং অন্য ইউনিটগুলোকেও তাদের অস্ত্রের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চাপ দিচ্ছে।
সংবাদপত্র এবং গোয়েন্দ তথ্য অনুসারে, একটি অভ্যুত্থান আশঙ্কা ঘনীভূত হচ্ছে বলে উল্লেখ করেন দাভিলা।
তবে বলিভিয়ার বামপন্থি প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ক্ষমতা থেকে উৎখাত করার কোন ইচ্ছা তাদের নেই বলে জানিয়েছে ধর্মঘটরত পুলিশ কর্মকর্তারা।
শুধু বেতন বাড়ানোর ব্যাপারে সমঝোতায় পৌঁছানোটাই তাদের লক্ষ্য বলে তারা জানায়।
উল্লেখ্য, বর্তমানে বলিভিয়ার পুলিশ সদস্যদের গড় বেতন দেড়শ’ থেকে ২শ’ ডলার। বেতন ৭ শতাংশ বৃদ্ধির সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান করে সেনা সদস্যদের সমান স্কেলে করার দাবিতে ধর্মঘট করছে তারা।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর