ঢাকা: আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে উচ্চ পর্যায়ের আলোচনায় প্যানেলিস্ট হিসেবে জাতিসংঘে আমন্ত্রিত হয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে যোগ দিতে প্রতিমন্ত্রী মঙ্গলবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সোমবার মন্ত্রণালয় থেকে জানানো হয়, ১১ অক্টোবর, ২০১২ সাল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। এ উপলক্ষে জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএনএফপিএ, ইউনিসেফ, ইউএন উইম্যান যৌথভাবে ‘বাল্য বিবাহ প্রতিরোধ’ বিষয়ক এক উচ্চ পর্যায়ের আলোচনা সভার আয়োজন করেছে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী জাতিসংঘের এ আলোচনা সভায় প্যানেলিস্ট হিসেবে আমন্ত্রিত হয়েছেন।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন, আর্চ বিশপ ডেসমন্ড টুটু, ইউএনএফপিএ এর নির্বাহী পরিচালক বাবাতুন্দে অসোতিমেহিন, ইউএন উইম্যান এর নির্বাহী পরিচালক মিশেল ব্যাশেলেট এ আলোচনা সভায় প্যানেলিস্ট হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১২
এসএমএ/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর