 |
| ছবি: মোশাররফ/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: সোনালী ব্যাংকের ঋণ কেলেংকারির নায়ক হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও জেনারেল ম্যানেজার (জিএম) তুষার আহমেদকে পৃথক তিনটি মামলায় ৩০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে দুদক।
আসামিদের সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৮, ৯ ও ১৭ নম্বর মামলায় ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ডের আবেদন করে দুদক।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফান উল্লাহর আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের জিআরও আব্দুর রশিদ।
উল্লেখ্য, রোববার রাত সোয়া ৯টায় রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লক থেকে তাদের গ্রেফতার করে র্যাবের একটি দল। গ্রেফতারের সময় তানভীরের কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদকের ৬ কর্মকর্তা বাদী হয়ে ২৭ জনের নামে রাজধানীর রমনা থানায় ১১টি মামলা দায়ের করেন।
মামলার বাদীরা হলেন- দুদকের প্রধান অনুসন্ধান কর্মকর্তা ও জ্যেষ্ঠ উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী, উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভুঞা, সহকারী পরিচালক মো. মশিউর রহমান, নাজমুচ্ছায়াদাত, উপ-সহকারী পরিচালক মো. মজিবুর রহমান, মো. জয়নুল আবদীন।
হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও জেনারেল ম্যানেজার (জিএম) তুষার আহমেদ ছাড়া মামলার অপর প্রধান আসামিরা হলেন তানভীরের স্ত্রী ও হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ডিজিএম একেএম আজিজুর রহমান, একই শাখার এসইও সাইফুল হাসান, ইও আবদুল মতিন, ব্যাংকের ডিএমডি কাজী ফখরুল ইসলাম, আতিকুর রহমান, জিএম নওশের আলী খন্দকার, মাহবুবুল হক, আনম মাসরুরুল হুদা সিরাজী, মোস্তাফিজুর রহমান, ননী গোপাল নাথ, মীর মহিদুর রহমান প্রমুখ।
মামলার এজাহারের উল্লেখ করা হয়েছে, ভুয়া এলসির মাধ্যমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা (সাবেক শেরাটন হোটেল শাখা) থেকে এক হাজার ৫৬৮ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে হলমার্ক গ্রুপ। ব্যাংকটির কর্মকর্তাদের যোগসাজশে এই অপকর্ম করে হলমার্ক গ্রুপ।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা,অক্টোবর ০৮,২০১২
এমআই/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর/আরআর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com