 |
| ছবি: সবিতা রহমান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা : বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য একমাত্র পথ হচ্ছে সংলাপ। এছাড়া সংকট উত্তরণের অন্য কোনো উপায় নেই।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ফ্রি থিংকারস ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ মন্তব্য করেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সংকট নিরসনের জন্য আলোচনার উদ্যোগ সরকারকে নিতে হবে। এ সময় তারা ইউরোপ আমেরিকারসহ উন্নত বিশ্বের সংলাপের সুফল দৃষ্টান্ত তুলে ধরে বলেন, সেসব দেশে জাতীয় সংকটে সকল মতভেদ ভুলে আলোচনার মাধ্যমে তারা তাদের দেশের সমস্যা সমাধান করেন।
তারা বলেন, তত্ত¡াবধায়ক সরকার নিয়ে এখন যে সংকট চলছে তা থেকে উত্তরণের জন্য সহনশীলতার পরিচয় না দিতে পারলে দেশ শুধু ব্যর্থ রাষ্ট্রেই পরিণত হবে তাই নয়, তা অতল গহবরেও নিমজ্জিত হবে।
সরকার বিরোধী দলকে দমনে হার্ডলাইনে গিয়েছে বলে অভিযোগ করে এর ফলে সংলাপ হবে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেন বক্তারা।
ফ্রি থিংকারস ফোরামের চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব আসাফ-উদ-দৌলা।
বৈঠকে আলোচনা করেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক, ডেইলি নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দিনকালের সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব আসাফ-উদ-দৌলা বলেন, দেশ আজ চোরাবালিতে ক্রমে ডুবে যাচ্ছে। সময়ে যতোই যাচ্ছে ততোই গভীর সংকটের আবর্তে নিপতিত হচ্ছে।
এজন্য তিনি সরকারকে দায়ী করে বলেন, দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পুলিশি রাষ্ট্র কায়েম না করে সমাঝোতার পথে ফিরে আসুন।’
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য তিনি দেশের বুদ্ধিজীবী তথা গুণীজনদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, ‘সরকারের শত নির্যাতনের পরও আপনারা হতাশ হবে না। যারা অন্যায়-অত্যাচার করছে, জাতীয় নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের ব্যাপারে সম্মিলিতভাবে সকলকে এগিয়ে আসতে হবে।’
বাংলাদেশ সময় : ১৬৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১২
এমকে
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর