লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আন্দ্রে ভিলাস-বোয়াস। এর মধ্যদিয়ে আরেক ইংলিশ ক্লাব চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর আবারও ইংল্যান্ডে ফিরেছেন ৩৪ বছর বয়সী এই কোচ।
গত বছর পর্তুগাল থেকে অনেক স্বপ্ন নিয়ে চেলসিতে কোচের চাকরি নিয়েছিলেন। কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ব্লুজরা তার অধীনে প্রাণ ফিরে পায়নি। ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি থাকলেও আট মাস পূর্ণ হওয়ার পর তাকে বিদায় দেয় চেলসি।
ভিলাসকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্লাব জানায়, তাকে টটেনহ্যামের কোচ হিসেবে পেয়ে আমরা দারুণ খুশি। তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এ বিষয়ে ভিলাসের ভাষ্য, ‘ঘরে ও বাইরে সবদিক মিলিয়ে দারুণ একটি ক্লাব টটেনহ্যাম। ক্লাবটির দীর্ঘ ঐহিত্য রয়েছে। টটেনহ্যামের কোচ হতে পেরে আমি আনন্দিত।’
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস