 |
চালা ওয়েল ফেয়ার ক্লাব মাঠ (কাপাসিয়া) থেকে: বর্তমান সরকারের আমলে পদত্যাগ করে অবসরে যাওয়া সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ও ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ এর বড় ভাই শাহ আবু নাঈম মমিনুর রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট দলীয় সূত্র।
কাপাসিয়া উপজেলা বিএনপি সূত্র জানিয়েছে, শনিবার বিকেলে চালা ওয়েল ফেয়ার ক্লাব মাঠে অনুষ্ঠেয় খালেদা জিয়ার জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন। মূলত বিএনপিতে তার যোগদান উপলক্ষ্যেই তড়িঘড়ি এ জনসভা আয়োজন করা হয়েছে।
জনসভা সমন্বয় কমিটির কর্মকর্তা ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমও বেলা ১২টায় বাংলানিউজকে এ তথ্য জানান।
সূত্রমতে, গাজীপুর সদর থেকে প্রায় ৫০ কিলোমিটর উত্তর-পূর্ব দিকে জনসভাস্থল ঘাগটিয়া চালা ওয়েল ফেয়ার ক্লাব মাঠ। প্রায় ৪০ বিঘা জায়গাজুড়ে প্রতিষ্ঠিত এ ক্লাবের সভাপতি ও জমি দাতা হান্নান শাহ ও তার পরিবার। বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়া মঞ্চেই প্রধান অতিথির ভাষণ দেবেন খালেদা জিয়া।
কাপাসিয়া উপজেলা বিএনপি আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করবেন কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান চেয়ারম্যান।
নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় এক সূত্র জানায়, নাঈম সাহেবকে যোগদান করিয়ে বেগম জিয়া কাপাসিয়া থেকে নতুন একটি বার্তা দেওয়ার জন্য গ্রামের ভেতরে হান্নান শাহ’র পৈত্রিক ভিটায় এই জনসভায় আসছেন।’
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর