৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:১৪ এএম BDST banglanew24
04 Oct 2012   04:02:19 PM   Thursday BdST
E-mail this

আসিফ আবরার-এর অণুগল্প

স্টেশান


আসিফ আবরার
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্টেশান আসিফ আবরার-এর অণুগল্প

স্টেশানের এই বেঞ্চটার জ্যামিতিক জ্ঞান বেশ ভালো। বেশ গা এলিয়ে আকাশ দেখা যায়। আজ আকাশটাকে অদ্ভুত লাগছে। সমুদ্রের মতো। তাতে মাছের মতো আচমকা ঘাঁই মেরে বালিকা মেঘদের চমকে দিচ্ছে একটি ঘুড়ি।
আচ্ছা, আকাশ দেখাটা কি বিলাসিতার পর্যায়ে পড়ে? না কি এটি একধরনের নির্মমতা? যখন বেঞ্চের ঠিক পাশেই ভীষণ অবহেলায় একাকী গোলাপের মতো পড়ে থাকে আরও অনেক আকাশ? না, আমি অতোটা নির্মম নই। তাই আমি ঘাড় ফেরালাম। দেখতে দেখতে আমার চোখ ছেয়ে যায় গোলাপী ছত্রাকে।

আসলে ভাবনা বিষয়টির কোনো শুরু নেই। শেষ নেই। নেই কোনো নিয়মতান্ত্রিক সুর। ভীষণ স্বেচ্ছাচারী বেসুরো ওরা। বেজে ওঠে যখন তখন। বেলায়। অবেলায়। পালে লাগে উত্তুরে হাওয়া। কখন যেন সেই নাম না-জানা নদীটির স্বচ্ছ জলে ঢেউ তুলে সরে যেতে থাকে আমার এতোকালের পরিচিত নৌকার ছইটি। নদীটি একলা পড়ে থাকে। নিস্তরঙ্গ। ছায়াশূণ্য।

উত্তুরে বাতাসে কখনো কখনো প্রশ্ন থাকে না। স্বপ্নের বাঁ পাশ জুড়ে কেবল উত্তরের ছড়াছড়ি। যার দৃষ্টি কেবল উত্তরমুখী, বলাই বাহুল্য, দক্ষিণের সাথে তার নিদারুণ শত্রুতা। তাই আমার ভাবনাটিরও কোনো দক্ষিণ ছিলো না। তবে দক্ষিণায়ন ছিলো।

মেঘগুলোকে আজ এতো রহস্যময় লাগছে কেন? কেন মনে হচ্ছে এই রহস্যের সমাধান আমার বের করতেই হবে? আমি তো কখোনোই আকাশপ্রেমী ছিলাম না। তবে কেন মনে হচ্ছে আজ এই নিরপরাধ গোলাপ হাতে আমার কিছুটা আকাশ চাই-ই চাই? চাই চাই স্বভাবটি তো আমার কখোনোই ছিলো না। পশ্চিমের প্রতি কখোনোই তেমন আকর্ষণ বোধ করিনি আমি। কিছুটা অন্দর ও কিছুটা অন্ধকারমুখী বলে পূর্বের সাথে আমার আজন্মের বৈরিতা। তবে কি আসলেই ভাবনার কোনো শুরু থাকে না? এই চরম অসত্যকে কি আমার নির্বিবাদে মেনে নিতে হবে?

স্টেশানের দেয়ালে পানের পিক, রেললাইনের দু’ধারে বর্জ্যের বিশ্রী বিন্যাস। দু’ধারে ঘর বেঁধেছে ভাগ্যের রেলে কাটা পড়া, চামেলী হাতে কিছু নিম্নমানের মানুষ। কিন্তু এর কোনো কিছুকেই আমার তেমন অসামঞ্জস্যপূর্ণ লাগছে না। কেবলই মনে হচ্ছে আসন্ন আন্তঃনগরেই হতে পারে আমাদের বাসর। তার আঁচলে রচিত হবে আরও অনেক আকাশ। এক জনম কাটিয়ে দেয়ার মতো অজস্র স্বপ্ন...

ট্রেন এসে গ্যাছে। মেয়েটি আমার পাশ ছেড়ে উঠে গেলো অবলীলায়। আমার শুরুবিহীন ভাবনার সুরটিও যেন কেটে গ্যাছে কখন। ঘুড়িটিও যে কখন সুতো কেটে বেরিয়ে গ্যাছে স্টেশান ছেড়ে, আমি টেরও পেলাম না।

বাংলাদেশ সময় : ১৫০৭ ঘণ্টা, ০৪ অক্টোবর ২০১২
সম্পাদনা : তানিম কবির, tanimkabir@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান