 |
| ছবি: রুবেল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা : গ্রেফতার হওয়া বিএনপি নেতারা আদালতে সুবিচার পাচ্ছেন না অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘আদালতের স্বাধীনতা নেই। আদালত থেকে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। আদালত চলছে দলীয় সরকারের নির্দেশে।’
শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চর ফ্যাশন-মনপুরা জাতীয়বাদী ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তবে এ আক্ষেপের মধ্যেও ন্যায়বিচার নিয়ে আশাবাদী মওদুদ বলেন, ‘আমরা আশা করছি আদালত সুবিচার করবে। আদালতের রায়ে বিএনপির নেতাকর্মীরা মুক্তি পেয়ে বেরিয়ে আসবে।’
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলমসহ বিএনপির গ্রেফতার হওয়া জ্যেষ্ঠ নেতাদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোসলেহ উদ্দিন।
এতে আরো বক্তব্য রাখেন- বিএনপির সহ-সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতারা।
ব্যারিস্টার মওদুদ সরকারকে সর্তক করে দিয়ে বলেন, ‘মামলা, নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না। এটা গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন। ভোটের অধিকারের আন্দোলন। রাজপথ এবং আদালতে এক সঙ্গে এ আন্দোলন চলবে।’
তিনি বলেন, ‘সরকার গত সাড়ে তিন বছর বিরোধী দলের ওপর নির্যাতন নিপীড়ন-অত্যাচার চালিয়ে যাচ্ছে। তারা গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা পুলিশি আশ্রয় নিয়েছে। পুলিশি আশ্রয় নিয়ে বিরোধী দলকে অত্যাচার করছে।’
সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা তুলে ধরে মওদুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন এবং ইকোনমিস্ট পত্রিকার প্রতিবেদন প্রমাণ করে, বাংলাদেশে মানবাধিকার কিভাবে লংঘন হচ্ছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ অন্যনেতা কর্মীদের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআরএই) এবং অভিযোগপত্রের মধ্যে কোন মিল নেই। এই মামলা জামিনযোগ্য মামলা। অথচ আদালত জামিন দিচ্ছেন না।’
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মে ২৬, ২০১২
এমএম/এসএআর/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর