 |
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দর সংশোধনের পর তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকে ঊর্ধ্বমুখী ধারা ফিরে এসেছে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে ১৬৯টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৮৪ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১ হাজার ১৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ১২০ কোটি টাকা।
আগের দুই কার্যদিবস রোব ও সোমবারের ধারাবাহিকতায় মঙ্গলবারও লেনদেনের শুরুতেই সূচক বাড়ে। যা দিনভর বজায় থাকে। বেলা সাড়ে ১১টায় ডিএসই’র সাধারণ সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮৪ পয়েন্টে, দুপুর ১২টায় ১২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৬ পয়েন্টে, সাড়ে ১২টায় ১০০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৮ পয়েন্টে স্থির হয়।
দিন শেষে ডিএসই’র সাধারণ সূচক ৮৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০২ পয়েন্টে উন্নীত হয়েছে।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ৮২টির এবং আগের দামে রয়েছে ১৩টি প্রতিষ্ঠান।
মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- গ্রামীণফোন ৪৩ কোটি ৪৩ লাখ ৬২ হাজার ৮০০ টাকার, মেঘনা পেট্রোলিয়াম ৪২ কোটি ১১ লাখ ১১ হাজার ৩০০ টাকা, যমুনা অয়েল ৩৫ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৭০০ টাকা, তিতাস গ্যাস ৩২ কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা, বেক্সফার্মা ৩১ কোটি ১৬ লাখ ১৩ হাজার ৩০০ টাকা, বেক্সিমকো লি. ২৮ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার ৩০০ টাকা, লংকা-বাংলা ফিন্যান্স ২৭ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ইসলামী ব্যাংক ২২ কোটি ২৭ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা, উত্তরা ফিন্যান্স ২১ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৭০০ টাকা এবং স্কয়ার ফার্মা ২১ কোটি ৮০ লাখ ৯ হাজার ৭০০ টাকা।
গত সপ্তাহে ডিএসইতে ১৬৬টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ২৪৪ পয়েন্ট। একই সঙ্গে এর আগের সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে ১৬ দশমিক ১৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই’র সাধারণ সূচক বাড়ে ১২০ পয়েন্ট। একই সঙ্গে সাড়ে ৮ মাস পর লেনদেন ১২শ’ কোটি টাকা ছাড়িয়ে যায়। তবে দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচক কমেছে ৪৬ পয়েন্ট। লেনদেন আগের কার্যদিবস রোববারের চেয়ে কমলেও ১১শ’ কোটি টাকা ছাড়িয়েছে।
অন্যদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’র (সিএসসি) সাধারণ সূচক ১৬৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৪৭ পয়েন্টে উঠে আসে। এদিন সিএসইতে মোট লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টি, কমেছে ৭২টি এবং কোনও লেনদেন হয়নি ১৬টি কোম্পানির শেয়ার।
মঙ্গলবার সিএসইতে দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লি., পিএলএফএসএল, গ্রামীণফোন, আফতাব অটোমোবাইল, এবি ব্যাংক, ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, ন্যাশনাল ব্যাংক, আরএন স্পিনিং এবং বেক্সফার্মা।
এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে মোট ৮২ কোটি ৪৩ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২
এসএনএইচ
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর