 |
সিরাজগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের টাকা লুটপাট করে নিজেদের পকেট ভারি করে আগামী নির্বাচনের খরচ যোগাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর নামে চাঁদাবাজি শুরু করেছেন।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে জেলা বিএনপি আয়োজিত সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় তিনি আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার উল্লেখ করে বলেন, ``দেশ দুর্নীতিতে সয়লাব হয়ে গেছে। বিদ্যুৎসহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ৩-৪ গুণ বেড়েছে। কৃষক একদিকে তাদের উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে না, অন্যদিকে সারসহ প্রতিটি কৃষি উপকরণের দাম কয়েকগুণ বেড়েছে। বিদ্যুত না থাকলেও লুটপাটের জন্য শুধু বিদ্যুৎ প্লান্টের টেন্ডার করা হচ্ছে।``
অনুষ্ঠানে মির্জা আলমগীর তত্ত্বাবধায়ক সরকার ও ইলিয়াস আলী গুমের বিচার ইস্যুতে রোজার পর দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে মর্মে শেখ হাসিনার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন।
অনুষ্ঠানে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবীর খোকন, নাজিমুদ্দন খান আলম, ফজলুল হক মিলন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট এম. মোকাদ্দেস আলী, সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ ও রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com