নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলরত আশিয়ান পরিবহনের একটি বাসে হঠাৎ করে আগুন ধরে যাওয়ায় প্রায় আধাঘণ্টা এ রুটে যান চলাচল বন্ধ ছিল।
শনিবার বিকেল পৌনে ৫টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে।
বাসে করে আসা কয়েকজন যাত্রী জানান, মতিঝিল থেকে ছেড়ে আসা বাসটিতে (ঢাকা মেট্রো ব-১৪৯১২) ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল। বাসটি বিকেল পৌনে ৫টায় স্টেডিয়ামের সামনে আসার পরেই হঠাৎ করে শব্দ হয়। পরে চালক সকল যাত্রীদের দ্রুত নেমে যেতে বলেন। কিছুক্ষণ পরেই বাসটিতে আগুন ধরে যায়। তবে বাসে থাকা যাত্রীরা অক্ষত ছিলেন।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর পৌনে ৫টা হতে সোয়া ৫টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ সময় : ১৮৪৫ জুন, ০৯, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর