 |
ঢাকা : বিশ বছর পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তৃতীয় ও চতুর্থ শ্রেণীর দৈনিক ভিত্তিক ৭৪৪ জন অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ী হচ্ছে।
উচ্চ আদালত সম্প্রতি এসব কর্মীকে সব ধরণের সুযোগ-সুবিধাসহ চাকরি স্থায়ী করার নির্দেশ দেয়। উচ্চ আদালতের এই রায়ের কপি বুধবার বেবিচকে পৌছে।
আদালত এসব কর্মীকে কাজে যোগদানের পর থেকে তারা সুবিধা দেওয়ারও নির্দেশ দেয়। আদালত একই সঙ্গে বেবিচক থেকে দেওয়া নতুন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তিটি বাতিল করে দিয়েছে।
রায়ে বলা হয়েছে, স্থায়ী শূন্য পদের বিপরীতে আগে ৭৪৪ কর্মচারীর নিয়োগ দিয়ে তারপর নতুন নিয়োগের বিজ্ঞাপন দেওয়া যাবে। বেবিচকের দৈনিক ভিত্তিক কর্মচারী শহীদ উল্লাহ‘র দায়ের করা এক মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দিয়েছেন। বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি ফরিদ আহমেদের একটি যৌথ বেঞ্চ এই রায় দেন।
এদিকে ২০ বছর পর চাকরি স্থায়ী হওয়ার খবরে বেবিচকে আনন্দের বন্যা বইছে। এই ঘটনায় বেবিচকের বিভিন্ন শাখায় কর্মচারীরা মিষ্টি বিতরণ করেছেন।
বেবিচকের সদস্য (অপারেশন এন্ড প্লানিং) গ্রুপ ক্যাপ্টেন শফিকুল আলম জানান, আদালতের রায় তারা পেয়েছেন। এই রায় অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এ নিয়ে সিভিল এভিয়েশন কাজ শুরু করেছে বলেও তিনি জানান।
মামলা অনুযায়ী বেবিচকের পুরনো অর্গানোগ্রাম হিসাবে বর্তমানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ২ হাজার ৭শ’ স্থায়ী পদের বিপরীতে গত বছরের ১ ডিসেম্বর পর্যন্ত এক হাজার ১৪৭টি পদ শূন্য রয়েছে। আর প্রস্তাবিত নতুন অর্গানোগ্রাম অনুযায়ী সারাদেশে প্রায় ৮ হাজার পদ শূন্য হবে।
দীর্ঘ ২০ বছর ধরে ঝুলে ছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এই ৭৪৪ জন কর্মচারীর চাকরি স্থায়ীকরণ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের ৯টি বিমান বন্দরে এরা দৈনিক ভিত্তিতে কাজ করছেন। বেবিচক এতদিন এই কর্মচারীদের চাকরি স্থায়ী না করে উল্টো দ্বিগুণ সংখ্যক কর্মচারী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল। বেবিচক পরিচলনা পর্ষদ ও সংসদীয় কমিটি এসব দক্ষ কর্মচারীদের স্থায়ী করার জন্য বারবার সুপারিশ করলেও তা আমলে নেওয়া হয়নি।
এই ঘটনায় সংক্ষুদ্ধ কর্মচারী শহীদ উল্লাহ বাদী হয়ে উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেন। বাদী পক্ষের পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট আবদুর রব চৌধুরী, ইব্রাহীম খলিল ও আবদুর রাজ্জাক। বেবিচকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বাংলাদেশ সময় : ২২১১ ঘন্টা, জুলাই ০৪, ২০১২
আইএইচ/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com