কলকাতার জি বাংলা চ্যানেলের কমেডি শো ‘মীরাক্কেল’-এর তুমুল জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী (মীর) এখন ঢাকায়। প্রথমবারের মতো তিনি ঢাকায় এসেছেন নিজের ব্যান্ড ‘ব্যান্ডেজ’-এর সদস্যাদের নিয়ে।
জনপ্রিয় উপস্থাপক মীর তার ব্যান্ড দল ‘ব্যান্ডেজ’ নিয়ে ২৪ আগস্ট দুপুরে ঢাকায় আসেন। দেশ টিভির স্টুডিও শোতে শনিবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত টানা চার ঘন্টা মীর ও ব্যান্ডেজ গান এবং কৌতুক পরিবেশন করবে।
প্রথমবার বাংলাদেশ সফরে আসা প্রসঙ্গে জনপ্রিয় উপস্থাপক মীর বলেন, সত্যিই আসাধারণ এক অনুভূতি। এখানের মানুষেরা যে ভালোবাসা আমাকে দেখাচ্ছেন, তা বোধহয় নিজের দেশেও আমি পাই নি। আমি শুনেছিল্মা, বাংলাদেশের মানুষের কাছেও আমি জনপ্রিয়। এই জনপ্রিয়তার মাত্রাটা যে এতো বেশি তা আমার কাছে অভাবনীয়। মনে হচ্ছে, এ দেশের মানুষের খুব কাছের মানুষ আমি। এতো গল্প শুনেছি এদেশের সংগ্রামী মানুষের, অথচ আসার সূযোগ হলো এতোদিন পরে। আমি মুগ্ধ ও অভিভূত।
তিনি আরো বলেন, বাংলাদেশের আমুদে মানুষের গল্প ছোটবেলা থেকেই শুনে আসছি। এখানকার প্রাণবন্ত মানুষের সংস্পর্শ এতোদিন পর পাওয়া সৌভাগ্য হয়েছে। এই সৌভাগ্য আমি নিয়মিত পেতে চাই। দু’এক বছর পর পর সুযোগ পেলে বাংলাদেশ ঘুরে যেতে চাই।
বাংলানিউজকে মীর জানান, এর আগে বাংলাদেশে আসার একাধিক শিডিউল তিনি মিস করেছেন। এবার যেন শিডিউল মিস না হয় তাই দলবল অর্থাৎ পুরো ব্যান্ডকে নিয়ে শিডিউল ঠিক করেছেন।
‘ব্যান্ডেজ‘ ব্যান্ড সম্পর্কে মীর জানান, ছয় বছর আগে বন্ধুদের নিয়ে এই ব্যান্ডটি তিনি গঠন করেছিলেন। চলতি বছরের ১০ জুন কলকাতায় আনুষ্ঠানিকভাবে তার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। তাদের এই ব্যান্ডটি ‘মীরাক্কেল’ অনুষ্ঠানটির মধ্য দিয়েই সুপরিচিত হয়ে উঠেছে বলে জানালেন মীর।
মীরের গড়ে তোলা ব্যান্ড ‘ব্যান্ডেজ’ বর্তমান সময়ে কলকাতার জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম। বছর জুড়েই তারা শো নিয়ে ব্যস্ত থাকে। ব্যান্ডেজের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘মাদুলি’, ‘অসামসালা’,‘আপরি থাকছেন স্যার’, ‘আচ্ছা ঠিক আছে’ প্রভৃতি।
ব্যান্ডেজের সদস্যরা হলেন মীর (কন্ঠ), দ্বৈপায়ন (কন্ঠ ও ড্রামস), নীতিন (বেজ গিটার), সুমন (কীবোর্ড), সৌরভ ( কন্ঠ ও লিড গিটার), কৌশিক ( ঢোল ও পারকাশন) এবং চিকু (তবলা)।
এই লাইন আপ নিয়েই দেশ টিভিতে ২৫ আগস্ট রাত ১১টার লাইভ শোতে অংশ নেবেন মীর ও ব্যান্ডেজ। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছেন সাজু খাদেম , প্রযোজনায় থাকছেন সুমন সাহা।
বাংলাদেশ সময় ১৮১০, আগস্ট ২৫, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।