ঢাকা: বিএনপি ঘোষিত বৃহস্পতিবারের হরতালে শান্তি-শৃঙ্খলা রক্ষায় দশ হাজার পুলিশ ও দু’হাজার র্যাব সদস্য মোতায়েন করা হবে রাজধানীতে। থাকবে সাদা পোশাকে গোয়েন্দারাও। এছাড়া গোয়েন্দা পুলিশের ভিডিওম্যানরা বিভিন্ন স্থানে হরতালের দৃশ্য ধারণ করবেন।
এসব ভিডিওচিত্র দেখে পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশসূত্র।
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্তি র্যাব-পুলিশ-গোয়েন্দা ছাড়াও সাঁজোয়া যান, জলকামান আর টিয়ারশেল মোতায়েন থাকবে।
এছাড়া রাজধানীর রাস্তা টহল দেবে দশটি মোবাইল কোর্ট। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিটি মোবাইল কোর্টের নেতৃত্ব দেবেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, ``যে কোনো প্রকার নাকশতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ সতর্ক থাকবে।``
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর