 |
ঢাকা: রাজস্ব বাড়াতে ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (টিআইএন) ধারীর সংখ্যা বাড়াতে প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
বুধবার ঢাকা চেম্বার কার্যালয়ে আসন্ন ২০১২-১৩ অর্থবছরের বাজেট উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন সংগঠনটির প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম। এ সময়ে ডিসিসিআইয়ের পরিচালকরা উপস্থিত ছিলেন।
ডিসিসিআই আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে দেশে ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ৩০ লাখ টিআইএনধারী। এ সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে সরকারের রাজস্ব আদায় দ্বিগুণ হবে।
ডিসিসিআইয়ের দেওয়া প্রস্তাবের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যবসায়ী হিসেবে আমরা আমাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরছি। এর মধ্য থেকে ভালো প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হলে ব্যবসায়ী ও সরকার উভয়ই উপকৃত হবে’।
এ সময় ডিসিসিআইয়ের পক্ষ থেকে আয়কর সংক্রান্ত ২৫ দফা, আমদানী শুল্ক ও সম্পূরক শুল্ক সংক্রান্ত ৪ দফা এবং মূল্যসংযোজন কর (মুসক) সংক্রান্ত ৭ দফা সুপারিশ তুলে ধরা হয়।
প্রস্তাবিত সব ক্ষেত্রেই কর কমানোর আহবান জানায় ডিসিসিআই।
এসব প্রস্তাব বাস্তবায়ন করা হলে সরকারের রাজস্ব আদায় কত কমতে পারে সাংবাদিকদের এরকম এক প্রশ্নের জবাবে ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট বলেন, এর হিসাব আমাদের কাছে নেই। তবে খুব বেশি কমবে বলে মনে হয় না। এগুলো বাস্তবায়ন করা হলে, রাজস্ব ফাঁকি দেওয়ার প্রবণতা কমবে। এ বিবেচনায় উল্টো রাজস্ব আদায় বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ১৮,২০১২
এইচএমএম/ সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর