 |
বিজয়ের মাসে মণিপুরী থিয়েটার আয়োজন করছে বিজয় উৎসব। পৌরাণিক কুরুক্ষেত্র-যুদ্ধ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিন্ন দুই সময়ের নারীর কাহিনী নিয়ে নির্মিত দুই নাটক নিয়ে আয়োজিত উৎসবটির নাম ‘বীরাঙ্গনার মঞ্চযাত্রা’। ২১ ও ২২ ডিসেম্বর এ উৎসব অনুষ্ঠিত হবে।
২১ ডিসেম্বর শুক্রবার কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমীর মিলনায়তনে উৎসবে বিকাল ৫টা ৩০ মিনিটে থাকবে জাতীয় নাট্যশালা রেপার্টরি প্রযোজনা ‘বিদেহ’। শাহমান মৈশানের রচনায় ও লাকী ইনামের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন লাকী ইনাম, জয়শ্রী কর জয়া ও জ্যোতি সিনহা।
এ নাটকে মুক্তিযুদ্ধের তিন বীরাঙ্গনার কাহিনী অবলম্বনে যুদ্ধোত্তর দেশভাবনা ও যন্ত্রণার আখ্যান উপস্থাপিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে মণিপুরী থিয়েটারের নাটক ‘কহে বীরাঙ্গনা’। এ নাটকে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ থেকে নাটকটি সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।
একই টিকেটে পরপর নাটক দুটো দেখার ব্যবস্থা থাকবে। এছাড়া একাডেমীর মুক্ত প্রাঙ্গণে থাকবে মুক্তিযুদ্ধের কবিতাপাঠ ও গান।
পরের দিন ২২ ডিসেম্বর শনিবার উৎসব হবে কমলগঞ্জেরই দক্ষিণ ঘোড়ামারায় মণিপুরী থিয়েটারের নিজস্ব স্টুডিও নটমন্ডপে। এদিনের অনুষ্ঠানও চলবে হুবহু আগের দিনের মত। দুটো স্থানে একইরকম অনুষ্ঠান নিয়ে এই উৎসব হবে।
এই উৎসবে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
বাংলাদেশ সময় : ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২
জিআর