ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ১৮ দলীয় জনসমাবেশকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই জামায়াত-শিবিরের বাড়তি শোডাউন লক্ষ্য করার মতো।
বিভিন্ন স্থান থেকে এসে তারা নয়াপল্টনে জনসমাবেশের জন্য তৈরি মঞ্চের আশপাশে জড়ো হয়েছে। সেখানে তাদের বিভিন্ন ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করতে করছে। এরই মধ্যে ফকিরাপুল, নাইটিংগেল মোড়, কাকরাইল মোড়, বিজয়নগর মোড়ে নেতাকর্মীরা জড়ো হয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, এদিন বিকেল তিনটায় ১৮ দলীয় জোটের জনসমাবেশ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে খুব সকাল থেকেই জামায়াতের কর্মীরা জড়ো মোড়ে মোড়ে নিচ্ছে।
ব্যানার-পোস্টারে জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও বর্তমান আমির মতিউর রহমান নিজামীসহ যুদ্ধাপরাধ অভিযোগে আটক নেতাদের মুক্তির দাবি করা হয়েছে।
মিছিলে তারা বর্তমান সরকারবিরোধী স্লোগান ও আটক নেতদের মুক্তির দাবি জানায়।
এদিকে ঢাকা মহানগর জামায়াত জনসমাবেশ সফল করার জন্য সভাস্থলের আশপাশে ১৫ দফা দাবি সংবলিত একটি প্রচারপত্র বিলি করছে।
এছাড়া সভাস্থলের আশপাশের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের জটলা লক্ষ্য করা যায়।
বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, জুন ১১, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর