 |
লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেয়েছে আর্সেনাল। এমিরেটসে তালিকার ১৬ নম্বর দল উইগান অ্যাথলেটিকের কাছে ২-১ গোলে হেরেছে গানার্সরা।
ফল: উইগান অ্যাথলেটিক ২-১ আর্সেনাল
এর আগে ঘরের মাঠে ৯টি ম্যাচেই উইগানের বিপক্ষে জয় পেয়েছে আর্সেনাল। তবে সোমবার শুরুতেই দৃশ্যপট বদলে দেয় উইগান। সপ্তম ও অষ্টম মিনিটে দুটি গোল করে গানার্স শিবিরকে স্তব্ধ করে দেয় সফরকারীরা।
আর্সেনালের জালে প্রথমে বল জড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড ফ্রাঙ্কো দি সান্তো। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন উইগান মিডফিল্ডার হোর্দি গোমেজ। পরপর দুই গোল হজমের পর ২১ মিনিটে একটি গোল পরিশোধ করে গানার্সরা (২-১)। প্রায় ১২ গজ দূর থেকে মাথার স্পর্শে জালে বল জড়ান থমাস ভারমালন।
পিছিয়ে থেকে গোল পেতে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল শিবির। আর্সেন ওয়েঙ্গার বাড়িয়ে দেন আক্রমণভাগের শক্তি। দুজন বদলি ফরোয়ার্ড গার্ভিনহো ও অ্যালেক্স অক্সালেড-চেম্বারলিনকে নামিয়েও শেষপর্যন্ত উইগানের রক্ষণদুর্গে চিড় ধরাতে পারেনি আর্সেনাল। তাই মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় গানার্সদের।
আগে থেকেই শিরোপার পথে বেশ দূরে রয়েছে আর্সেনাল। তালিকায় ৩৪ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৭৭। অপরদিকে ৮২ পয়েন্ট নিয়ে সবার আগে ম্যানচেস্টার ইউনাইটেড।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর