আমাদের সংগীতাঙ্গনে কোনাল নামটি এখন বেশ পরিচিত। ২০০৯ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ খেতাব জেতার পর থেকে টিভি, স্টেজ শোতে নিয়মিত গান করছেন তিনি।
তবে শুধু গানের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। মডেলিং, অভিনয় আর উপস্থাপনা করছেন নিয়মিত। সর্বশেষ এনটিভির গান নিয়ে একটি অনুষ্ঠান পরিচালনাও করেছেন তিনি।
বেশকিছু মিক্সড অ্যালবামে কাজ করার পর সর্বশেষ বাজারে এসেছে তার একক অ্যালবাম ‘কোনালস যাদু’। এ অ্যালবামে পৃত্থিরাজের সঙ্গে গাওয়া ‘ছায়ার মাঝে’ এবং বাপ্পা মজুমদারের সঙ্গে ‘জোৎস্না’ শিরোনামের গান দুটি এরইমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ দ্বিতীয় বর্ষে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে পড়াশুনা করছেন কোনাল। পড়াশোনাতেও সময় দিতে হচ্ছে তাকে। তাই বেশ কিছুদিন তার নতুন কাজের খবর পাওয়া যায়নি। তবে এবার তিনি পুরো মাস টানা কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। কয়েকটি মিক্সড অ্যালবামের পাশাপাশি অক্টোবরে বেশ কয়েকটি কনসার্টে অংশ নিতে দেশের বাইরে যাচ্ছেন।
এ বিষয়ে কোনাল বাংলানিউজকে বলেন, “সত্যি বলতে পড়াশোনার চাপের কারণে অনেক কাজ জমা করে রেখেছিলাম। আর এখন আমার বিশ্ববিদ্যালয়ে সেমিস্টারের ছুটি চলছে। আমি এর মাঝে নিজের দ্বিতীয় একক এবং দুটি মিক্সড অ্যালবামের কাজ শুরু করেছি। সেই সাথে স্টেজ শোর জন্য অক্টোবরে ভারত, স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়া যাব। ফিরে এসে কোরবানি ঈদের জন্য শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে চাই।”
উল্লেখ্য, সোমনূর মানির কোনাল নির্মাতা পিপলু খানের পরিচালনায় এয়ারটেলের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন এবং ইমপ্রেস টেলিফিল্মের ‘লালটিপ’ ছবিতে একজন রেডিও জকির চরিত্রে অভিনয় করেছেন। এরপর থেকে প্রতিনিয়তই অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন কোনাল। তাহলে সামনে কি আবার কোন নতুন ছবিতে দেখা যাবে তাকে। উত্তরে সবশেষে সোমনূর মানির কোনাল বললেন, “না! অভিনয়ের আর কোনো সম্ভাবনা নেই। গানই আমার কাছে সবকিছু, তাই গান নিয়েই থাকতে চাই।”
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২ সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।