৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৪১ পিএম BDST banglanew24
05 Sep 2012   05:45:49 PM   Wednesday BdST
E-mail this

গ্যাব্রিয়েল সুমন-এর তিনটি কবিতা

পরিত্যক্ত জুতা ও জোনাকীর সহবাস


গ্যাব্রিয়েল সুমন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পরিত্যক্ত জুতা ও জোনাকীর সহবাস গ্যাব্রিয়েল সুমন-এর তিনটি কবিতা

অলৌকিক আম্রকানন

তোমার বারান্দাকে একইসাথে বিকেলের ভাঁজপত্র
আর একটি ছিপনৌকা বলে ভ্রম হয়। ইচ্ছে করেই
রোদবতী নদীটির কেউ কোনও নাম রাখেনি। ওখানে
সাড়েতিনশো শঙ্খশালিক এসে সমাবেশ করে- যাদের
প্রত্যেকেরই আমার নামে নাম। এখানে তুমি এক
ঘ্রাণবতী নারী- ডাবের জলে স্নান করে এইমাত্র এসে
বসেছ বেতের মোড়ায়। আর যেসব পুরুষশালিক
দেখে ফেলেছে তোমার স্নান- গোপনে; তারা এতক্ষণে
যৌবনপ্রাপ্ত হয়ে গেছে- অনিচ্ছুক তারার আঙ্গুল ছুয়ে।

দৃশ্যমুদ্রা

চায়ের কাপ হাতে নিয়ে তুমি যা যা ভাবো-তা মূলত ভাবনার ট্রেনে রৌদ্রকালীন বায়ুভ্রম। বারান্দা মানে মেঘলোকের লোকাল অফিস। তোমার হৃদয় নিয়ে অদৃশ্য ঘোড়ার পিঠে ফেলে রেখেছে এক শাদা জাদুকর। তুমি দেখছো চড়–ইয়ের পালকে লেখা বৃষ্টির ছায়াভীতি অথবা কাঙ্ক্ষিত জলের জন্য প্রার্থনাসূচক প্রাচীন অক্ষর। যার সহজ অনুবাদ গাঁথা থাকে মৌনগন্ধী জবাফুলের পুংদণ্ডে। তবুও মেঘকে ঘিরে তোমার যত আকুতি, মৌনবিষাদ- তা শুধু মেঘই জানুক। জলের রঙহীন বন্ধুত্ব আর বাতাসের ইথারে তা সম্প্রচারিত না হোক। জানোই তো জলের বুকের ভেতর জলপদ্ম ছাড়াও শখানেক নাম না জানা মৎস্যকূলের অবাধ বিচরণ। আর বাতাস মানে  সকল প্রকার অর্বাচীন ধুলোর অবৈধ আখড়া। নীলপায়বার জন্য তোমার আকুতি জানে শহরের সব ডাকবাকসো।

চায়ের কাপ তোমাকে নিয়ে যা যা ভাবে- তা বহুকাল না দেখা না ছোঁয়া না বলা শব্দাবলী নিয়ে রচিত অচিন গ্রন্থে মুদ্রিত ছায়া-পাণ্ডুলিপি। চায়ের কাপ জানে আমি জন্মেছিলাম এই একটিমাত্র পুস্তক পাঠ করবো বলে। এখানে সন্ধার আশ্রমে জন্ম নিচ্ছে চন্দ্রমল্লিকার মতো চুমু-ইচ্ছে। আর তোমার ইচ্ছেকে ফিবোনাক্কি রাশিমালায় প্রকাশ করলে তা ঠিক কত আলোকবর্ষের জীবনকাল হয়- তা মুহূর্তে জন্ম নেয়া বসন্তদিনের পাতারা জানে। তোমার নাম নিয়ে লেখা শত শত অ্যাক্রোস্টিক জমে আছে বিকেলের লোকাল ট্রেনে। এই ফাল্গুনেই তার অগ্নিযাত্রা হবে তোমার বারান্দা অভিমুখে। আর বুকের কুঠুরীতে রাখা সহস্র হাতচিঠি নিয়ে বসে আছে আমার সকল রোদবতী সকাল। বারান্দার দুটি চেয়ার নিয়ে তোমার যত রূপকথা তার জন্য আমার কোনও নৈরাশ্যবাক্য নেই।

পরিত্যক্ত জুতা ও জোনাকীর সহবাস

একপায়ে দাঁড়ানো মেঘরঙ ধ্যানীবক
রুটি-পেঁয়াজ-ডাল
অনাহুত অক্ষরের জোনাকপ্রতিলিপি
আরক্তিম-নাগালিঙ্গম-ছায়াছবি
উদ্বাস্তু জলশৈশবের শব্দমলাট
নীলনখ জলজট চোখঘ্রাণ
সাদাকালো ছোপছোপ অন্ধকারতৃষ্ণা
ডানহাতের অনামিকায় দুইএকচিলতে রক্তচোষা আলো
রোদবতী ঘ্রাণের মতো কেউ তাকে আজো বাসে ভালো
দুমড়ানো কাগজের সবুজাভ ধুসর বিস্ময়ে
একটানে ছিঁড়ে গেল শহর
আর
তোমার শরীর কতটা প্রকাশিত হবে
ডাস্টবিনকাক তার নীতিনির্ধারক

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান