 |
ওয়ারশ: পরিসংখ্যান দেখলে জার্মানদের সামনে গ্রিস কিছু না। গ্যালিভারের সঙ্গে লিলিপুটের খেলা। কিন্তু মাঠের ফুটবল অন্যরকম, খেলে জিততে হয়। কৌশলে ভুল হলে ভালো খেলেও হেরে যাওয়ার ভয় থাকে। ফুটবলের ইতিহাসে এই রেকর্ড ভুরি ভুরি। তারপরেও বড় দল ছোট দলের মধ্যে একটা তফাত থেকেই যায়।
নিঃসন্দেহে জার্মানরা এবারের ইউরো ফেভারিট। গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে ইতোমধ্যে তার প্রমাণও দিয়েছে। তারপরেও গর্ব করে বলা যাবে না গ্রিসের বিপক্ষে জিতবেই জার্মানি। কারণ অনেক বড় দলকেও রুখে দেওয়ার অভিজ্ঞতা আছে গ্রিসের। ওহ গ্রিক দেবতারা তো মুখিয়ে আছেন তাদের খেলোয়াড়দের রক্ষণাত্মক কৌশল শিখিয়ে দেওয়ার জন্য। পারলে ১১ জম মিলে গোল পোস্ট পাহাড়া দেবে। কোয়ার্টার ফাইনালে গ্রিসের রক্ষণদুর্গ ভাঙ্গতে হলে জার্মান কোচ জোয়াকিম লো’কে কৌশলী হতে হবে। মিডফিল্ডটাকে পোক্ত করে সাজাতে হবে। জার্মান কোচ গ্রুপ পর্বের খেলাগুলোতে দল বুঝে রণকৌশল সাজিয়েছেন। গ্রিকদের বিপক্ষেও হয়তো তার ব্যতিক্রম হবে না। শুক্রবার কোয়ার্টার ফাইনালে গ্রিস বাঁধা টপকাতে হলে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের লড়তে হবে সামর্থের শেষ বিন্দু দিয়ে।
গ্রুপ অব ডেথে (বি) থেকেও শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি। নেদারল্যান্ডস, ডেনমার্ক ও পর্তুগালের মতো দলগুলোকে হারিয়ে শীর্ষ আটে জায়গা করে নিয়েছে। এবারের ইউরোতে এখন পর্যন্ত সবচেয়ে ভালো ফল তাদেরই। ইউরোতে এর আগে গ্রুপের সবগুলো ম্যাচ জয়ের রেকর্ড ফ্রান্সের ১৯৮৪ এবং স্পেনের ২০০৮ সালে।
এদিকে গ্রিস শীর্ষ আটের টিকিট পেয়েছে শক্ত রক্ষণভাগের জোরে। ‘এ’ গ্রুপের খেলায় একটিতে হার, একটিতে ড্র ও রাশিয়াকে ১-০ গোলে হারিয়েছে ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়নরা।
২০১০ বিশ্বকাপে আক্রমণাত্মক ফুটবল খেলে সবার নজর কাড়ে বর্তমান জার্মান দলটি। তবে এবারের ইউরোতে আক্রমণের ধার কিছুটা কমিয়ে রক্ষণভাগে শক্তি বাড়িয়েছে। যদিও খেলার ধরন পাল্টে বেশ সমালোচনার মুখে পড়তে হয় জার্মান কোচকে। পাল্টা জবাব লো দেননি। কৌশল পরিবর্তনের রহস্য বললেন কোচ,‘আপনাকে প্রতিপক্ষের কথা বিবেচনা করতে হবে। আমাদের খেলতে হয়েছে ডাচদের মতো দলের বিপক্ষে। আপনারা যে ধরনের খেলা পছন্দ করেন সে ভাবে সব সময় খেলা যায় না। প্রতিপক্ষের খেলা বিবেচনা করে এটাতে পরিবর্তন আনতে হয়।’
খেলায় বৈচিত্র আনতে গ্রিসের বিপক্ষে দলে পরিবর্তন আনতে পারেন লো। লুকাস পোডলস্কি ও থমাস মুলারের জায়গায় দলে ঢুকতে পারেন মারিও গোয়েতজে, টনি ক্রুস অথবা মর্কো রিয়াস।
জার্মানদের বিপক্ষে ম্যাচের আগে গ্রিসদের জন্য অস্বস্তির বিষয় অধিনায়ক জর্জেস কারাগৌনিসকে ছাড়া মাঠে নামতে হবে। রাশিয়ার বিপক্ষে একমাত্র গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুললেও পর পর দুই খেলায় হলুদ কার্ড পাওয়ায় তিনি কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ।
জার্মানি এবং গ্রিস শেষবার মুখোমুখি হয়েছিলো ২০০১ সালে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে। তাতে জার্মানরা ৪-২ গোলে হারিয়েছিলো গ্রিসকে। এবার তাদের প্রতিশোধ নেওয়ার পালা। গ্রিক কোচ ফার্নান্দো সান্তোস তার খেলোয়াড়দের কৌশল বলে দিয়েছেন, কর্ণার না হয় ফ্রি কিক থেকে গোল করো।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ২১, ২০১২
এমএইচ
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস