চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রাশিয়া থেকে আসা পানামার পতাকাবাহী একটি সারবোঝাই জাহাজ ডুবে থাকা আরেকটি জাহাজের ওপর উঠে গেছে। বর্তমানে জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চলছে।
শুক্রবার দুপুরে জাহাজের নোঙর হ্যাগিং করলে (সরে যাওয়া) এ দুর্ঘটনা ঘটে।
বন্দর সূত্রে জানা গেছে, বুধবার বন্দরের বহির্নোঙরে পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘ট্রোনাডোর’ ৩১ হাজার ২৫০ মেট্রিকটন সার (এমওপি) নিয়ে আসে। শুক্রবার সকালে ‘ট্রোনাডোর’র নোঙর সরে গিয়ে ১৫ থেকে ২০ বছর আগে ডুবে যাওয়া ‘টিনা’ নামের একটি জাহাজের ওপর উঠে যায়। এরপর বন্দরের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারি ১০’ ও বাংলাদেশ নৌবাহিনীর ‘খাদেম’ জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য কাজ শুরু করে। জাহাজে প্রায় ২০ জন নাবিক রয়েছেন।
‘ট্রোনাডোর’র বাংলাদেশি এজেন্ট এঞ্জেলিক লাইনসের ব্যবস্থাপক হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ‘পানামা পতাকাবাহী ওই জাহাজটি টাগবোট দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।’
বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম ঘটনার সত্যতা স্বীকার বাংলানিউজকে জানান, জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত আছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ৬, ২০১২
এআরএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর