 |
| ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে প্যান প্যাসিফিকের সঙ্গে চুক্তি ১০ বছরের জন্য নবায়ন হয়েছে।
প্যান প্যাসিফিকের সঙ্গে সরকারের চলমান চুক্তির মেয়াদ গত এপ্রিল মাসে শেষ হয়ে যায়। পারস্পরিক আলোচনার জন্য এক মাস সময় বাড়ানো হয়। দু’পক্ষের পারস্পরিক আগ্রহের পরিপ্রেক্ষিতে চুক্তির মেয়াদ ৫ বছরের স্থলে ১০ বছরের জন্য নবায়নের সিদ্ধান্ত হয়। সর্বশেষ চুক্তি হয়েছিল ২০০৭ সালে।
মঙ্গলবার সোনারগাঁও হোটেলের সুরমা হলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খানের উপস্থিতিতে প্যান প্যাসিফিক ও হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়। বিমান সচিব আতাহারুল ইসলাম ও সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার ই জে ম্যাকওয়ান এসময় উপস্থিত ছিলেন।
প্যান প্যাসিফিক ১৯৮১ সাল থেকে সোনারগাঁও হোটেল পরিচালনা করে আসছে। প্রতিবার ৫ বছরের জন্য চুক্তি নবায়ন হওয়ার কথা। তবে এবার ১০ বছরের চুক্তি নবায়ন হলো।
হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল খান ও প্যান প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) হরিহরণ চুক্তিতে সই করেন।
প্যান প্যাসিফিক হোটেলস গ্রুপ এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে ৩০টি হোটেল পরিচালনা করছে। প্যান প্যসিফিক হোটেলস গ্রুপের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘন্টা, ০৭ আগস্ট, ২০১২
আইএইচ/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com