নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবার ওপর হামলায় চালিয়েছে দুর্বৃত্তরা।শুক্রবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নে হামলার ঘটনাটি ঘটে।
জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করেন জাকির মিয়া। স্কুল থেকে মেয়েটি বাড়ি ফিরে তার বাবাকে বিষয়টি জানায়।
এরপর উত্ত্যক্তকারী জাকিরের মামা হজরত আলীর কাছে এ বিষয়ে অভিযোগ করেন ছাত্রীর বাবা।
পরদিন শুক্রবার দুপুরে বড়চাপা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে ছাত্রীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় অংশ নেন জাকিরের বাবা আলম, মোহাম্মদ আলী ও হাশিম। দা-ছুরি দিয়ে তারা মেয়ের বাবাকে কোপান। আহত অবস্থায় তাকে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে মনোহরদী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উত্ত্যক্তকারী জাকিরের বাড়ি মনোহরদীর বড়চাপা গ্রামে।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রাতে বাংলানিউজকে বলেন, “ঘটনাটি আমি শুনেছি। এ মুহূর্তে আমি থানার বাইরে রয়েছি। তবে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com