‘আগুনের চোখে প্রেম’ ছবিতে চিত্রনায়িকা সিলভি আজমী চাঁদনী ও চিত্রনায়ক জায়েদ খানকে এক সঙ্গে দেখা যাবে। জহির বাবুর কাহিনী নিয়ে নতুন এ ছবিটি পরিচালনা করবেন মনতাজুর রহমান আকবর।
১০ ফেব্রুয়ারি এফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে।সিলভি ও জায়েদ ছাড়াও ছবিটিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন আমিত হাসান।
নতুন এ ছবি প্রসঙ্গে নায়িকা চাঁদনী বাংলানিউজকে বলেন, “এটি জায়েদ খানের সঙ্গে করা আমার দ্বিতীয় ছবি। ছবিতে আমার চরিত্রের নাম প্রেমা। আর জায়েদের নাম আগুন। ছবির কাহিনীতে আমাকে ধনীর দুলালী চরিত্রে দেখা যাবে। আমার দেহরক্ষী চরিত্রে অভিনয় করছেন জায়েদ।”
তিনি আরও বলেন, “ছবিটি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাই না। তবে, ছবিটির গল্প আমার খুব ভালো লেগেছে। আশা করি, ছবিটি মুক্তি পেলে সব শ্রেণির দর্শক উপভোগ করবেন।”
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর চাঁদনী অভিনীত ‘তোমার সুখই আমার সুখ’ ছবিটি মুক্তি পেয়েছিলো। কালাম কায়সারের পরিচালনায় ওই ছবিতে চাঁদনীর বিপরীতে অভিনয় করেন নবাগত শুভ।
‘আগুনের চোখে প্রেম’ ছবিটি হবে চাঁদনী অভিনীত পঞ্চম ছবি।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
এমকে/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর