 |
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, হামলা, মামলা ও নির্যাতন চালিয়ে আমাদের আন্দোলন দমাতে পারবেন না।
সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা ছাত্র পরিষদের আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদ্স্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
আমরা যা বলছি আন্তর্জাতিক মিডিয়ায় তাই প্রচার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সকল সত্য ঘটনা আমরা বলছি। আর এরই প্রতিফলন ঘটছে আন্তর্জাতিক মিডিয়ায়।
নজরুল ইসলাম বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে ঠিক সেই সময়ে বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছে।
এসময় নির্যাতন যতই বাড়ে আন্দোলনের গতি ততই বাড়বে বলে মন্তব্য করেন তিনি।
পরিষদের সভাপতি শফিকুল বাসারের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ২৮, ২০১২
এনএম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর