ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে রোববার বেলা ১২টার দিকে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে।
আগুনে ১৮ টি ঘর ও আশপাশের ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আব্দুর রউফের ওষুধের দোকান থেকে আইপিএসের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশে ঘর ও দোকানে। আগুনে হাজী আব্দুস সামাদের ১৮ টি ঘর ও ৫টি মুদির দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোখলেছুর রহমান ও চিকিৎসক এখলাছুর রহমান জানান, ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে দমকল বাহিনী ও স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বাংলানিউজের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর