ছোটপর্দার শিল্পীরা বড়পর্দায় গিয়ে খুব একটা সুবিধা করতে পারেন না। অভিনেত্রী রুমানা সেই ধারণা পাল্টে দিয়েছেন। দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে তিনি মিডিয়ায় এসেছিলেন। আত্মবিশ্বাস নিয়েই বড়পর্দায় পা রাখেন। চলচ্চিত্রে নিজেকে প্রমাণের পাশাপাশি রুমানা এবার জয় করে নেন স্বীকৃতিও। ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিতে অভিনয়ের জন্য তিনি পান ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মাঝে ছোটপর্দায় তাকে কম দেখা গেলেও বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি টিভিনাটকেও বেড়ে গেছে তার ব্যস্ততা।
চলচ্চিত্রে ভিত গড়ে তোলার পর আত্মবিশ্বাসী রুমানা আবারও নিয়মিত টিভিনাটকে অভিনয় করছেন। তিনি মনে করেন, চলচ্চিত্রে একটা অবস্থানে পৌঁছে যাবার পর এখন ছোটপর্দায় অভিনয় করলেও এর নেতিবাচক কোনো প্রভাব তার ক্যারিয়ারে পড়বে না।
ঈদের টিভিনাটকের শুটিং নিয়ে এ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছে রুমানা। ব্যক্তিজীবনের মতোই সম্প্রতি তিন ঈদের একটি নাটকেএকজন আত্মবিশ্বাসী প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। নাটকের নাম ‘শনি থেকে বৃহস্পতি’। নাটকের গল্পে দেখা যাবে, প্রতিটি দিন রুমানার কাটছে আতঙ্কের মধ্যে কাটছে। আগামী বৃহস্পতিবার এলেই তাকে অপরিচিত এক ছেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে হবে। রুমানা সেকেন্ড-মিনিট-ঘণ্টাসহ প্রতিটি দিন গুনে চলেন। বৃহস্পতিবারও এগিয়ে আসে। তবুও রুমানা দৃঢ় আত্মবিশ্বাসী। রুমানার বিশ্বাস, তার প্রেমিক ছয় দিনের মধ্যেই বেকারত্বের কলঙ্ক ঘুচিয়ে তার পরিবারের সামনে এসে দাঁড়াবে। তখন নিশ্চয়ই তারা রুমানার দীর্ঘদিনের পছন্দের পাত্রের সঙ্গে বিয়েতে বাঁধা হয়ে দাঁড়াবে না।
কামরুল আহসানের রচনায় ‘শনি থেকে বৃহস্পতি’ নাটকটি পরিচালনা করেছেন রিদম খান শাহিন। গত সপ্তাহে উত্তরা, ধানমন্ডি ও গাজিপুরে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে রুমানার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুমানা বলেন, ‘ এই সময়ের তরুণ-তরুণীদের জীবনে বেকারত্ব হলো এক বড় অভিশাপ। বেকারত্বের কারণে অনেকে বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন পূরণ করতে পারছেন না। বেকারত্বের অভিশাপ আর আত্মবিশ্বাসের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘শনি থেকে বৃহস্পতি’। নাটকটির গল্প পছন্দ হওয়ায় এতে অভিনয় করলাম।
রুমানা আরো বলেন, এ নাটকে আমার প্রেমিক বেকার হলেও তাকে ছেড়ে কখনোই চলে যাইনি। এমনকি পরিবারের চাপের মুখেও অন্য ছেলেকে বিয়ে করতে সম্মতি দেইনি। নাটকটিতে একজন নারীর কাছে প্রেমের প্রকৃত মূল্যবোধের বিষয়টি তুলে ধরা হয়েছে।
এবারের ঈদে রুমানাকে বেশ কিছু নাটকে অভিনয় করতে দেখা যাবে। যার মধ্যে রয়েছে ‘আত্মজ’, ‘মনের আকাশে নীল মেঘ’, ‘অনুভূতির ছোঁয়া তুমি’,‘রিটার্ন ব্যাক’ প্রভৃতি। বর্তমানে রুমানাকে জাহিদ হাসান পরিচালিত ‘সুইট মানে মিষ্টি’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে।
রুমানা অভিনীত নির্মাণাধীন চলচ্চিত্রের মধ্যে আছে - মনতাজুর রহমান আকবরের ‘সবুজ কেন অপরাধী’, বদিউল আলমের ‘বুক ফাটে তো মুখ ফোটে না’, পিএ কাজলের ‘বদলে যাও বদলে দাও’, শাহাদাৎ হোসেন লিটনের ‘ভুলব না তোমাকে’ ও এফ আই মানিকের ‘সৌভাগ্য’।
বাংলাদেশ সময় ১৭০৫, জুলাই ০৩, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।