ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘‘বিশ্বব্যাংককে দুর্নীতিবাজ বলছেন, তাদের বিচার চাইছেন। কিন্তু বিশ্বব্যাংকের দুর্নীতির প্রমাণের আগে আপনার যেসব মন্ত্রীর কিছুই ছিলো না, এখন অনেক সম্পদ, সেই দুর্নীতিবাজ মন্ত্রীদের বিচার করুন।’’
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক সংসদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পদ্মাসেতুর দুর্নীতির দায় স্বীকার করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের পদত্যাগের দাবি’তে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
রফিক বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে এ ঘটনায় সারা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘‘১৬ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না।’’
দুর্নীতির দায় স্বীকার করে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি করেন রফিক।
সংগঠনের সভাপতি খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রেজা, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মু. রহমতুল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২০০ ঘন্টা, জুলাই ১০, ২০১২
এসকেএস /সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর