 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
পাবনা: মহাসড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালানোর মধ্য দিয়ে পাবনায় শুরু হয়েছে জামায়াতের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল।
এদিন সকাল ৬টা থেকে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর, পুষ্পপাড়া, মাধবপুরসহ বেশ কয়েকটি স্থানে লাঠিসোঠা নিয়ে অবরোধ করে পিকেটাররা।
এসময় তারা মহাসড়কের মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। হরতাল সমর্থকরা বিক্ষোভ থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
এসময় সেখানে দায়িত্বরত সংশ্লিষ্ট থানা পুলিশ বিক্ষোভকারীদের হটাতে পারেনি। পরে সকাল সাড়ে ৭টার দিকে অতিরিক্ত পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পিকেটাররা পালিয়ে যায়।
এদিকে, জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস-ট্রাক ছেড়ে যায়নি এবং বাইরে থেকে কোনো বাস পাবনায় আসেনি। বন্ধ রয়েছে আন্ত:জেলা রুটে বাস-ট্রাক চলাচল।
তবে, বিক্ষিপ্তভাবে ব্যাটারিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, করিমন ও ভটভটি চলাচল করতে দেখা গেছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নাশকতা ঠেকাতে পৌর শহরের বাস টার্মিনাল, গাছপাড়া, আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড়, আ’লীগ কার্যালয় ও সোনালী ব্যাংকের সামনে, চাঁপা মসজিদ মোড়, বড় বাজারসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে র্যাবের একটা টহল দল।
এছাড়া, পাবনা শহরের বাইরে উপজেলা সদরগুলোতে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/জেডএম