 |
| ছবি: জনি/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি রাজধানীর গোটাচারেক বাজার পরিদর্শন করলেও কোন ক্রেতার সঙ্গে কথা বলেনি তারা।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম এমপির নেতৃত্বে এদিন রাজধানীর দু’টি বৃহৎ কাঁচাবাজার, কাওরান বাজারের কিচেন মার্কেট ও নিউমার্কেটের বনলতা কাঁচাবাজার ঘুরে দেখে সংসদীয় দল। তবে সারাটা সময়ই মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতা পরিবেষ্টিত থাকতে দেখা যায় এমপি ও তার সঙ্গীদের।
পরিদর্শনদল ব্যবসায়ী নেতাদের প্রদর্শিত দোকানগুলোই ঘুরে দেখে কমিটি। এসময় সংসদীয় কমিটির সঙ্গে সাধারণ ক্রেতাদের কথা বলার কোন সুযোগ ছিল না। সংসদীয় কমিটির সভাপতিও এ সময় ক্রেতাদের সঙ্গে কথা বলার আগ্রহ দেখাননি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদীয় কমিটির সভাপতি কাওরান বাজারের কিচেন মার্কেট এর নিচতলা ও দ্বিতীয় তলায় বিভিন্ন দোকান ঘুরে দেখেন। এ সময় তিনি কথা বলেন দোকানিদের সঙ্গে।
দোকানিরা সংসদীয় কমিটির সভাপতিকে বিভিন্ন পণ্যের দাম অবহিত করেন। এ সময় তারা জানান, লবণ ও ভোজ্য তেলের দাম বেড়েছে। পরিবহন ব্যয় বৃদ্ধি ও উৎপাদন কম হওয়ার জন্য ডিমের দাম বেড়েছে বলে জানানো হয়।
দুপুর ১২টার দিকে সংসদীয় কমিটি আসেন নিউমার্কেট বনলতা কাঁচাবাজারে। পরিদর্শন দল পৌছার আগেই বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের তৎপর হতে দেখা যায়। তাদের নির্দেশে তড়িঘড়ি করে মূল্যতালিকা সংশোধন করে টানিয়ে দেওয়া হয়। এসময় অদৃশ্য কারণে ক্রেতাদেরকেও দেখা যায়নি বাজারের ওই অংশে।
বনলতা কাঁচাবাজার পরিদর্শন শেষে সংসদীয় কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম সাংবাদিকদের মুখোমুখি হলে বিষয়টি তাঁর দৃষ্টি আকর্ষণ করা হয়।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা কাউকে আহত করতে আসিনি। অধিকাংশ দ্রব্যের মূল্য নিয়ন্ত্রনে রয়েছে। দু’একটি পণ্যের দাম উঠানামা করছে।’
তিনি আরো বলেন, ‘সব ত্রুটির বিষয়গুলোই সংসদীয় কমিটির পক্ষ থেকে সুপারিশ আকারে মন্ত্রনালয়কে জানানো হবে।
বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে গোপন দল রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মে ২৪, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর