ঢাকা : নবায়ণযোগ্য ও সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে গ্রামের কৃষকদের কাছে কেউ যদি পৌঁছাতে চায়, তাহলে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল অ্যানার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল ও সম্ভাবনাময় দেশ হওয়া সত্বেও চলমান বিদ্যুৎ ঘাটতির কারণে সকল প্রকার উৎপাদন ও উন্নয়ন ব্যহত হচ্ছে। এখন পর্যন্ত দেশের মাত্র ৪০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতাভূক্ত। আর গ্রামাঞ্চলের ১৫ লাখ বাড়িতে প্রায় ১ কোটি মানুষের সেবা পৌঁছে দিচ্ছে সৌরবিদ্যুৎ। তাই সরকার নবায়ণযোগ্য সৌরবিদ্যুৎ ব্যবহারের পক্ষে।’
তিনি বলেন, ‘সরকার আইটিসির মাধ্যমে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করবে। যার মাধ্যমে এ সেক্টরে সম্পৃক্ত হতে আগ্রহীরা বিভিন্ন সংস্থা থেকে সহজ ঋণ পেতে পারেন।’
সরকার নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রি না হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাহিদা অনুসারে উৎপাদন কম হওয়ায় অনেকেই এ সুযোগে বেশি দাম নিচ্ছে।’
আরেক প্রশ্নের উত্তরে তৌফিক-ই-ইলাহী বলেন, ‘দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য একটা নির্ধারিত মূল্য ঠিক করে সৌরবিদ্যুৎ সংযোগ দেওয়া যেতে পারে। এ ব্যাপারেও সরকারের চিন্তাভাবনা আছে।’
বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল অ্যানার্জি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দীপাল চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ রেগুলটরি কমিশনের চেয়ারম্যান ইউসুফ হোসাইন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব এমআই খান ও সংগঠনের সহ-সভাপতি মোনাবার মেজবা মঈন প্রমুখ।
বাংলাদেশ সময় : ২১০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২
শফিকুল ইসলাম
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর