 |
| ছবি: সোহেল সরওয়ার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: জামায়াত-শিবিরের ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে চট্টগ্রামের ব্যবসায়ীরাও। দেশের নিত্যপণ্যের বৃহৎ পাইকারী বাজার চাক্তাই-খাতুনগঞ্জে সোমবারের হরতালে কোন ধরণের প্রভাব পড়েনি।
অন্যান্য দিনের মতোই সোমবার সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলা দেখা গেছে। এখানকার বাণিজ্যিক ব্যাংক শাখাগুলোতেও লেনদেন স্বাভাবিক রয়েছে।
হরতালের কারণে ব্যবসা-বাণিজ্যে কোন ধরণের প্রভাব পড়েনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অর্থ লেনদেনও স্বাভাবিক আছে বলে জানান তারা।
খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন,‘আজকের হরতালে চট্টগ্রামের ব্যবসায়ীদের কোনো সাড়া নেই। সকাল থেকেই সব ব্যবসা-প্রতিষ্ঠান খোলা রয়েছে। পণ্য উঠা-নামা ও লেনদেন স্বাভাবিকভাবে চলছে।’
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, খাতুনগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি ছিল। দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য ট্রাকে ট্রাকে পণ্য বোঝাই করা হচ্ছে। আবার বন্দর থেকে আসা ট্রাকের পণ্য নামানো হচ্ছে সমানে।
পণ্য উঠা-নামানোর কাজে অন্যান্য দিনের মতোই ছিল সোমবারের চাক্তাই-খাতুনগঞ্জের চিত্র। কাজ নিয়েই ব্যস্ত ছিলেন শ্রমিকরা।
চাক্তাই ধান-চাল ব্যবাসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বাংলানিউজকে বলেন, ‘‘হরতাল আমরা কেউ সমর্থন করিনা। এখন হরতালের নামে ‘ভয়তাল’ হচ্ছে। আমাদেরকে হরতাল পালনে বাধ্য করা হচ্ছে। হরতালের সময় সমর্থনকারীরা নির্বিচারে যানবাহন ভাংচুর করছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’
হরতালে ব্যবসায়িক লেনদেন প্রসঙ্গে তিনি বাংলানিউজকে জানান, আজকের হরতালে ব্যবসায়ীদের কোনো সমর্থন নেই। চাক্তাইয়ের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
একটি ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রক্ষক দিলীপ দাশগুপ্ত বাংলানিউজকে জানান, হরতালের প্রভাব খাতুনগঞ্জে নেই। পাইকারী বাজারের কেনা-বেচা হচ্ছে। পণ্য বিক্রির অর্ডার নেওয়া হচ্ছে। ব্যাংকগুলোতে আর্থিক লেনদেনও স্বাভাবিক।
এদিকে হরতালের কারণে মফস্বল এলাকা থেকে খুচরা ব্যবসায়ীরা না আসায় আর্থিক লেনদেনে কিছুটা প্রভাব পড়েছে। তবে ব্যবসায়ীরা এর পরিমাণ খুব কম বলে জানিয়েছেন। বৃহৎ পাইকারী বাজারে খুচরা ব্যবসায়ীদের উপস্থিতি কম হওয়ার জন্য হরতালকেন্দ্রীক নৈরাজ্যকে দায়ী করেছেন পাইকারী ব্যবসায়ীরা।
আরেক ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ রফিক জানান, হরতাল কারো জন্য মঙ্গলজনক নয়। এতে খুচরা ও পাইকারী সব ব্যবসায়ীদের ক্ষতি হয়। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতে পারেন না। ফলে কেনাকেটাও কম হয়।
বাংলাদেশ সময়: ১২ ৫৫ ঘণ্টা ফেব্রুয়ারি ১৮ ২০১৩
এসজি/টিসি