ঢাকা: দীর্ঘ আট দিনের ব্যক্তিগত সফর শেষে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল বাংলানিউজকে জানিয়েছেন, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া। তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে দুবাই হয়ে ঢাকা ফিরছেন।
বিএনপি প্রধানকে বহনকারী বিমানটি শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে।
উল্লেখ্য, গত ৯ আগস্ট ব্যক্তিগত সফরে সৌদি আরব যান খালেদা জিয়া। সৌদি বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে তায়েফের শাফা প্যালেসে অবস্থান করেন তিনি।
সেখান থেকে উমরা পালন, পবিত্র কাবা শরিফে তারাবির নামাজ আদায় ও লাইলাতুল কদরের বিশেষ ইবাদত বন্দেগি শেষে ১৫ আগস্ট মদিনার উদ্দেশে রওয়ানা হন তিনি। সেখানে রাতে তিনি মহানবী হযরত মুহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
এমএম/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর/ জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর