জাবি: শ্রেণীকক্ষ সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
অবকাঠামোগত উন্নয়নের তোয়াক্কা না করে শিক্ষার বাণিজ্যিকীকরণের পথ প্রশস্ত করতে অব্যাহতভাবে নতুন বিভাগ খোলা আজকের এই শ্রেণীকক্ষ-সংকট পরিস্থিতিকে তীব্রতর করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জাহিদুল ইসলাম জিন্নাহ্ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মং সিংহাই মারমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক শরীফ এনামুল কবির উপাচার্য থাকাকালেই নতুন বিভাগ খোলার পূর্বে একাডেমিক ভবনগুলো সম্প্রসারণের জোর দাবি জানিয়েছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। শ্রেণীকক্ষ-সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিভিন্ন সময় প্রশাসনের কাছে দাবি উত্থাপন করেছে। একই সঙ্গে যুগোপযোগী নতুন বিভাগ খোলারও দাবি জানানো হয়েছে।
তারা বলেন, অবকাঠামোগত উন্নয়নকে পাশ কাটিয়ে শুধুই নতুন বিভাগ ‘খোলার জন্য খোলা’ পদক্ষেপের বরাবরই বিরোধিতা করে আসা হয়েছে। কিন্তু প্রশাসন সেই দাবির কোন রকমই তোয়াক্কা না করায় পূর্বের যে শ্রেণীকক্ষ-সংকট ছিল সেগুলো আরও তীব্রতর হয়েছে এবং পুরাতন-নতুন সব বিভাগের শিক্ষার্থীরা মারাত্মক বিপাকে পড়েছেন। যার প্রমাণ প্রত্নতত্ত্ব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মতো পুরাতন বিভাগগুলোকেও এখন আন্দোলনে নামতে হয়েছে। আর জার্নালিজম ও মিডিয়া স্ট্যাডিজের মতো নতুন বিভাগকেও এই সংকট থেকে পরিত্রাণের লক্ষ্যে আন্দোলন করতে হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, একই সংকট নিরসনের দাবিতে ইতোপূর্বে পরিবেশ বিজ্ঞান বিভাগ আন্দোলন করেছে। শ্রেণীকক্ষ ও গবেষণাগারের সংকটে নিমজ্জিত রয়েছে আরেকটি নতুন বিভাগ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স। এছাড়া বাণিজ্য অনুষদেও এই শ্রেণীকক্ষ সংকট দূরীকরণের কোন পদক্ষেপ না নিয়ে নতুন বিভাগ খোলা হয়েছে। শ্রেণীকক্ষে সংকটে রয়েছে আইন ও বিচার বিভাগও। যে সব নতুন বিভাগ এই সংকটের সম্মুখীন হয়েছে সেগুলো অধিকাংশই গত ২-৩ বছরে চালু করা হয়েছে।
বিববৃতিতে নেতৃদ্বয় বলেন, অচিরেই ব্যবস্থা না নিলে এই বিভাগগুলোতেও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হবে। এরকম পরিস্থিতিতেই এ বছর থেকে কলা ও মানবিকী অনুষদের অধীনে চালু হয়েছে চারুকলা বিভাগ।
নেতৃদ্বয় আরও মন্তব্য করেন, এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিস্থিতির চরম ব্যাঘাত ঘটবে এবং শিক্ষার্থীদের শিক্ষা জীবনও সংকটে পড়বে।
বিবৃতিতে দাবি করা হয়, বিশ্বব্যাংকের পরামর্শে ইউজিসির ২০ বছর মেয়াদী উচ্চশিক্ষার কৌশলপত্রে কলা ও মানবিকী অনুষদভুক্ত মৌলিক বিষয়সমূহকে মারাত্মকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তরফ থেকে এ বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব না দিয়ে বরং পর্যায়ক্রমে এগুলোকে বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, শ্রেণীকক্ষ-সংকটকে তীব্রতর করে রেখে কলা ও মানবিকী অনুষদের বিভাগগুলোর শিক্ষার্থীদের প্রতি এই অব্যাহত অবহেলা ইউজিসির সেই সুপারিশেরই একটি কূট-পদক্ষেপেরই অংশ। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরাবরই বলে এসেছে ইউজিসির এই কৌশলপত্র উচ্চশিক্ষা ধ্বংসের একটি কৌশল এবং এর বিরুদ্ধে ছাত্র সমাজের তীব্র আন্দোলন গড়ে তোলা ব্যতিত উচ্চশিক্ষার অবক্ষয় রোধ করা সম্ভব নয়।
নেতৃদ্বয় বলেন, শ্রেণীকক্ষ সংকট নিরসন ও গবেষণাগারের নিশ্চয়তা চেয়ে আন্দোলনরত বিভাগগুলোর প্রতি সংহতি জ্ঞাপন করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে টেন্ডার ডেকে বিশ্ববিদ্যালয়ের অপূর্ণাঙ্গ নতুন কলা ভবন আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে কলা ও মানবিকী অনুষদভুক্ত বিভাগগুলোকে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা প্রদান করে শিক্ষার্থীদের মৌলিক অধিকার বাস্তবায়ন ও বিভাগগুলোর জন্য এই সময়ের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করার দাবি জানাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
একই সঙ্গে অন্যান্য যেসব বিভাগে শেণীকক্ষ ও গবেষণাগার সংকট রয়েছে সেগুলো নিরসনেরও দাবি জানানো হয়েছে বিবৃতিতে। অনতিবিলম্বে ছাত্র সমাজের এই দাবি মানা না হলে ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানানো হয় নেতৃদ্বয়।
বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
ওয়ালিউল্লাহ/সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর