 |
ঢাকা: জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে পৃথিবীর জীব জগতে এ কথা সবার জানা। তবে সুনির্দিষ্ট করে উদ্ভিদের ওপর এর প্রভাব কেমন তা নিয়ে সম্প্রতি একটি গবেষণা হয়েছে। গবেষকরা দেখেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিছু প্রজাতির গাছের পাতা কৃশকায় বা সরু হয়ে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার একদল গবেষক, স্থানীয় বন-জঙ্গল থেকে কিছু গাছের পাতার নমুনা সংগ্রহ করে তা প্রায় ১২০ বছর আগের সংরক্ষিত উদ্ভিদের নমুনা তুলনা করে দেখেছেন। তারা দেখেছেন, সংরক্ষিত এসব নমুনার তুলনায় বর্তমান নমুনার প্রশস্ততা দুই মিলিমিটার করে কমেছে।
গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ব্রিটেনের রয়্যাল সোসাইটির বায়োলজি লেটারস সাময়িকীতে। এ ধরনের পর্যবেক্ষণ এই প্রথম বলে এতে দাবি করা হয়েছে।
প্রতিবেদনের প্রধান প্রণেতা ইউনিভার্সিটি অব অ্যাডেলাইডের অধ্যাপক গ্রেগ গুয়েরিন জানান, তার দলটি হপবুশ নামে সরু পাতার উদ্ভিদটি বেছে নেয়। এর বৈজ্ঞানিক নাম Dodonaea viscosa subsp. Angustissima। দেখা গেছে এটি ভিন্ন ভিন্ন জলবায়ুতে আলাদা বৈশিষ্ট্য দেখায়।
সংরক্ষণাগারে রক্ষিত ওই উদ্ভিদের নমুনায় তারা বিভিন্ন জলবায়ুতে উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করেছেন।
গবেষকরা অস্ট্রেলিয়ার দক্ষিণে সবচে বড় পাহাড়ি এলাকা ফ্লিসডারস রেঞ্জ থেকে ২৫০টিরও বেশি নমুনা পর্যবেক্ষণ করেছেন।
১৩০ বছরেরও বেশি সময় ধরে এসব নমুনা সংগৃহিত হয়েছে কয়েকশ’ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এলাকা থেকে। এ নমুনার সঙ্গে তুলনা করতে গবেষকরা একটি পাহাড়ে ৫০ মিটার দূরত্ব পর পর স্থান থেকে ২৭৪টি আলাদা নমুনা সংগ্রহ করেন।
এতে করে উদ্ভিদের ঘনত্ব এবং উচ্চতার ভিন্নতার কারণে স্থানীয় প্রভাব বশতঃ পাতার আকার এবং আকৃতির ভিন্নতা পর্যবেক্ষণ করা যায়।
দেখা গেছে, এ অঞ্চলে ১২৭ বছর তা তারও বেশি সময় ব্যবধানে পাতার প্রশস্ততা কমেছে দুই মিলিমিটার।
একই সঙ্গে গবেষকরা আবহাওয়া ও জলবায়ু উপাত্ত সংগ্রহ করে দেখেছেন, ১৯৫০ থেকে ২০০৫ সাল পর্যন্ত এ অঞ্চলে সর্বোচ্চ ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। অবশ্য বৃষ্টিপাতের তেমন পার্থক্য সৃষ্টি হয়নি।
তবে এ পর্যবেক্ষণ তুলনা করার জন্য পরবর্তীতে অন্য অঞ্চলে অন্য প্রজাতির মধ্যে এমন গবেষণা চালানো হয়নি বলে স্বীকার করেছেন গুয়েরিন।
পরিবেশের পার্থক্যের কারণে পাতার আকৃকির পরিবর্তন হয় এমন সম্ভাব্য প্রজাতিকে এ গবেষণায় বেছে নেওয়া হয়েছে। প্রথম পরীক্ষায় উল্লেখযোগ্যভাবেই এ পরিবর্তন লক্ষ্য করা গেছে। এমন অন্য প্রজাতির মধ্যেও লক্ষ্য করা যেতে পারে বলে অনুমান করছেন গবেষকরা।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ০৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর