 |
ঢাকা: ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে শুক্রবার বাংলাদেশের বিশিষ্ট তরুণ আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার একক আবৃত্তিসন্ধ্যা অনুষ্ঠিত হলো। বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমীর আয়োজনে ২১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে টানা ৪ ঘন্টা আবৃত্তি করেন শিমুল মুস্তাফা।
‘আপস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’ শিরোনামে আয়োজিত এই আবৃত্তিসন্ধ্যা মুগ্ধ চিত্তে উপভোগ করেন দর্শকশ্রোতা।
মূলতঃ আবৃত্তিকে আরও জনপ্রিয় এবং ঋদ্ধ করতে তাঁর এ আয়োজন। বিজয়ের মাসে ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং বিজয় অর্জনের স্মৃতিকে বক্ষে ধারণ করে, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের পথে নতুন প্রজন্মকে চালিত করতে তিনি প্রতীকী ৭১টি কবিতা পর্যায়ক্রমে আবৃত্তি করবেন।
এক যুগ পর আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার একক আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আর পুরোটাই হবে মুক্তমঞ্চে।
শিমুল মুস্তাফা বলেন, ‘এটি আমার ষষ্ঠ আবৃত্তি সন্ধ্যা। তবে মুক্তমঞ্চে এবারই প্রথম। তিন ঘণ্টার এই আয়োজনে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমসাময়িক কবিদের ৭০টি কবিতা আবৃত্তি করতে পেরে আমি আনন্দিত।’
এই আয়োজন করছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। সার্বিক সহযোগিতা করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।
অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণ, কবি মহাদেব সাহা, কবি হেলাল হাফিজ, সঙ্গীতশিল্পী আবিদুর রেজা জুয়েলসহ বিভিন্ন শ্রেণীপেশার এবং সকল বয়সের নারীপুরুষসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এ আবৃত্তিসন্ধ্যা উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
এমকে/ একেএ