ক্রমাগত লোকসান এবং অডিও বাজারে ধ্বস নামায় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতাও বন্ধ হয়ে গেল। সম্প্রতি নিজের প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন সঙ্গীতার মালিক সেলিম খান। সঙ্গীতার বর্তমান পাটুয়াটুলির শো-রুমে অডিওর পরিবর্তে ইলেক্ট্রনিক্সের ব্যবসা করবেন বলে তিনি জানান।
এ প্রসঙ্গে সেলিম খান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি অডিও ব্যবসা করছি। ব্যবসাটি ছাড়তে কষ্ট হচ্ছে। তবুও উপায় নেই। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তো আমি ব্যবসা করতে পারি না। এ কারণে সঙ্গীতা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছি।’
জানা গেছে, ব্যবসায়িক মন্দার কারণে কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারছিলেন না সঙ্গীতার সেলিম খান। এ কারণে কর্মচারীদের মধ্যেও অসন্তোষ লক্ষ করা যাচ্ছিল কয়েকমাস ধরে। অবশেষে সেই অসন্তোষ ক্ষোভে রুপ নিলে ব্যবসা গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নেন সেলিম খান। অডিও ব্যবসার পরিবর্তে চীন থেকে আমদানিকৃত ভিসিডি, টিভিসহ নানান ইলেক্ট্রনিক্স পণ্যের ব্যবসা করবেন বলে তিনি জানান।
বাংলাদেশ সময় : ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
জিআর