চট্টগ্রাম: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে চট্টগ্রামের ২ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে কোতোয়ালি মোড় ও লালদীঘির পাড় এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা পারভিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মাঠ কর্মকর্তা ফারহানা জাহান পারুলসহ র্যাব ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
রমজান উপলক্ষে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩ ঘণ্টা স্থায়ী অভিযানে কোতোয়ালি মোড়ের সাধু মিষ্টি ভাণ্ডার ও লালদীঘি পাড়ের গোবিন্দ রেস্টুরেন্টের মালিককে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিশুদ্ধ খাদ্য আইন অধ্যাদেশ ২০০৫-এর ৬ (১) লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।
বিএসটিআই’র চট্টগ্রাম আঞ্চলিক অফিস প্রধান ও উপ-পরিচালক প্রকৌশলী এসএম ইসহাক আলী জানান, অন্য একটি অভিযানে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বিশুদ্ধ খাদ্য আইন ১৯৫৯ (সংশোধিত) অধ্যাদেশ ২০০৫-এর ধারা লঙ্ঘনের দায়ে ২টি হোটেলকে ১০ হাজার টাকা ও ওজনে কম দেওয়ার দায়ে ওজন ও পরিমাপ অধ্যাদেশ ১৯৮২ (সংশোধিত ২০০১)-এর ধারায় মুদি, মাংস ও মুরগির দোকানে ৭টি মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া মিরসরাই উপজেলার ডিটি রোড এলাকায় নিউ আল আমিন ও কিংস্ ফুড নামের ২ প্রতিষ্ঠান থেকে বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫, (সংশোধিত) আইন ২০০৩-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এআরএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর