বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. নাসির হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। নাসির হাওলাদার বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ড রূপাতলী এলাকার আকরাম আলীর ছেলে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, রোববার সকালে নাসির হাওলাদার তার শ্বশুর বাড়ি নলসিটি উপজেলার রাজনগর এলাকার থেকে নিজ বাড়ি বরিশাল নগরীতে ফিরছিলেন। পথিমধ্যে বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারে তার ওপর হামলা চালায় একই গ্রামের প্রতিপক্ষ মিঠুর লোকজন।
তারা নাসিরকে রড দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রোববার রাতেই তাকে ঢাকা নেওয়া হয়। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসির হাওলাদার মারা যান।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, এই ঘটনায় জড়িত তরুন মল্লিককে ইতিমধ্যেই আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর