রাজশাহী: রাজশাহীর উপজেলা চেয়ারম্যানরা জেলা প্রশাসনের উন্নয়ন সমন্বয় ও সার বীজ মনিটরিং কমিটির সভা আবারও বর্জন করেছেন।
চেয়ারম্যানদের সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে লিখিত অভিযোগ করা হলেও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের এ সভা বর্জন করে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান চেয়ারম্যানরা।
এ সময় তারা ঈদের পর আন্দোলন করার ঘোষণা দেন।
এর আগে ২২ জুলাই জেলা প্রশাসনের উন্নয়ন সমন্বয় ও সার বীজ মনিটরিং কমিটির সভায় পুঠিয়া ইউএনও লুৎফর রহমান উপজেলা চেয়ারম্যানদের সম্পর্কে কটুক্তি করেন। এ সময় সভায় হট্টগোল ও সভা বর্জন করে বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন চেয়ারম্যানরা।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার জেলা উন্নয়ন সমন্বয় ও সার বীজ মনিটরিং কমিটির সভা আহ্বান করা হয়। সভায় ৯ উপজেলার মধ্যে ৮ উপজেলা চেয়ারম্যান উপস্থিত হন। অসুস্থ থাকায় গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান সভায় উপস্থিত হতে পারেননি।
জেলা প্রশাসক আবদুল হান্নানের সভাপতিত্বে সভার শুরুতেই চেয়ারম্যানরা জানতে চান, তাদের সম্পর্কে কটুক্তিকারী পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়েছে কিনা।
এ সময় জেলা প্রশাসক জানান, এ ব্যাপারে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার কাছে কোনো নির্দেশন আসেনি। এ কারণে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। জেলা প্রশাসকের এমন বক্তব্যের পর চেয়ারম্যানরা সভা বর্জন করে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান।
এবিষয়ে বাগমারা উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান ২২ জুলাইয়ের সভায় উপজেলা চেয়ারম্যানদের সম্পর্কে কটুক্তি করে খারাপ আচরণ করেন। ওই দিন সমন্বয় সভা বর্জন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ করা হয়।
কিন্তু তার বিরুদ্ধ এখনও কোনো ব্যবস্থা না নেওয়ায় এ সভা বর্জন করা হয়েছে। একই সঙ্গে ঈদের পর এ নিয়ে আন্দোলন করা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নান বাংলানিউজকে জানান, উপজেলা চেয়ারম্যানরা বিভাগীয় কমিশনারের কাছে একজন ইউএনও-এর বিরুদ্ধে অভিযোগ করেছেন। কোনো ব্যবস্থা নিলে, তিনিই নেবেন। এখানে তার কিছু করার নেই। আর উপজেলা চেয়ারম্যানরা সভা বর্জন করেছেন, তা মন্ত্রণালয়কে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর