 |
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ‘আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নতুন করে ইতিহাস লেখা হবে। জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক ছিলেন। এটা চিরন্তন সত্য। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তার শাসনামলের সাড়ে ৩ বছরে যে অর্জন, গত ৩৫ বছরে কোনো সরকারই তা করে দেখাতে পারেনি।’
শনিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক মতবাদকে নিশ্চিহ্ন করতেই বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছে। তাদের ১১ জুনের মধ্যে মুক্তি না দিলে সরকার পতনের ১ দফা কর্মসূচি ঘোষণা করা হবে।’
তিনি আরো বলেন, ‘তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে স্বাবলম্বী ও স্বনির্ভর দেশে পরিণত করেছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে।’
শহীদ জিয়া সংসদের সভাপতি এমএ মান্নান জমাদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, বিএনপি কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবীবুর রহমান হাবীব ও বিএনপি নেতা হাফিজুর রহমান কবির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ০২, ২০১২
এনএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর