ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যাদের তেল মারার অভ্যাস তাদের মুখ থেকেই তেল শব্দটি বের হয়।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত “গণমাধ্যমের স্বাধীনতা আজকের বাংলাদেশ” শীর্ষক অলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তার এ মন্তব্য মূলত বিরোধী দলনেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা ‘তেলা মারা’ বিষয়ক বক্তব্যের জবাব।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মওদুদ বলেন, “প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তর আমার বন্ধু সালাউদ্দিন কাদের চৌধুরী থাকলে ভালো দিতে পারতেন। ভারতে খালেদা জিয়া গিয়েছিলেন দেশের স্বার্থে.... ভারতের আমন্ত্রণে। তেল দিতে নয়।”
তিনি বলেন, “যাদের তেল দেওয়ার অভ্যাস আছে তাদের মুখ থেকেই তেল শব্দটি বের হয়।”
পদ্মাসেতু মামলায় দুই আবুলকে বাদ দেওয়া প্রসঙ্গে মওদুদ বলেন, “পদ্মাসেতু যেন না হয় সে জন্যই এটি করা হয়েছে।”
কান টানলে যেমন মাথা নড়ে, তেমনি দুই আবুলকে বাদ না দিলে অনেকের নাম চলে আসার সম্ভাবনা থাকায় তাদের বাদ দিয়ে মামলা করা হয়েছে বলেও মন্তব্য করেন মওদুদ।
মওদুদ বলেন, “আমরা অপেক্ষায় আছি। পুলিশ, প্রশাসন ধীরে ধীরে আর এই সরকারের নির্দেশ মানবে না।”
তিনি বলেন, “এ সরকারের সময় শেষ হয়ে এসেছে। লক্ষণ সে রমকই। একদলীয় সরকারের অধীনে নির্বাচন কোনদিন জনগণ মানবে না। তাই তত্ত্বাবধায়ক মানতে হবে।”
আয়োজক সংগঠনের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মু. রহমতুল্লাহ, খালেদা ইয়াসমিন, হেলেন জেরিন খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
এসকেএস/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জেডএম