চট্টগ্রাম: জামায়াত-শিবিরের ডাকা হরতালের আগের রাতে নগরীর বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে জামায়াত-শিবির কর্মীরা।
রোববার বিকেল ৫ থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর চকবাজার, আন্দরকিল্লা মোড়, কাজির দেউড়ি, নুর আহমদ সড়ক, আগ্রাবাদ হালিশহর বড়পুলসহ নগরীর বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে তারা। এসময় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা ছুটোছুটি করতে থাকেন।
তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোশতাক আহম্মদ বাংলানিউজকে বলেন,‘নগরীর বেশ কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে জামায়াত-শিবির কর্মীরা।’
তিনি বলেন,‘চকবাজার এলাকায় টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। এসময় হরতাল সমর্থকরা দ্রুত পালিয়ে যায়।’
বিভিন্ন স্থানে টালায় জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালালেও হরতাল সমর্থনকারীরা কোথাও অবস্থান নিচ্ছেন বলে জানান মোশতাক আহম্মদ।
তিনি বলেন,‘সিএনজি চালিত অটো-রিকসা বা অন্য কোন যানে করে সড়কে টায়ার জ্বালিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে তারা।’
উল্লেখ্য, কক্সবাজারে জামায়াত-শিবিরের মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও ৩০ জন গুলিবিদ্ধসহ ২ শতাধিক নেতাকর্মী আহত এবং ১১২ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সারা দেশে হরতালের ডাক দেয় দলটি।
বাংলাদেশ সময়:২০৪৩ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭ ২০১৩
এমইউ/টিসি